
ইস্কনের রথের প্যান্ডেলে ইদের নমাজ
শেষ আপডেট: 17 June 2024 19:57
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: আগামী ৭ তারিখ রথযাত্রা। তাই দুর্গাপুরের আকবর রোডের একটি ময়দানে চলছে রথের মেলার প্রস্তুতি। সেখানেই অস্থায়ীভাবে জগন্নাথের রথ রাখার ব্যবস্থা করা হচ্ছে। সেই প্যান্ডেলেই এবার কুরবানি ইদের নমাজ পড়লেন মুসলিম সম্প্রদায়ের মানুষ।
ইস্কনের প্রধান সেবায়েত ঔদ্ধজ্যচন্দ্র দাসের কাছে আকবর রোডের ওই ময়দানে রথের প্যান্ডেলের নীচে নামাজ পড়ার জন্য আবেদন করেছিলেন ইদগাহ কমিটি। সেই আবেদন মঞ্জুর করেন সেবায়েত ঔদ্ধজ্যচন্দ্র দাস। সুষ্ঠু ভাবে যাতে নমাজ আদায় করা যায় তার সমস্ত ব্যবস্থাও করেন। সোমবার বৃষ্টি ভেজা সকালে ইস্কনের তৈরি ওই প্যান্ডেলে জড়ো হয়েছিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। সারিবদ্ধভাবে তাঁরা আল্লাহর উদ্দেশের নমাজ আদায় করেন।
ইদগা কমিটির সদস্য হারুন রশিদ বলেন,"আজ ইদের অনুষ্ঠান সুষ্ঠুভাবে হয়েছে। দুর্গাপুরের ইস্কন কর্তৃপক্ষ সুন্দরভাবে নমাজ আদায়ের ব্যবস্থা করেছিল। ওপরে ছাউনির ব্যবস্থা থাকায় বৃষ্টি হলেও নমাজ পড়তে কোনও সমস্যা হয়নি। ওঁদের অসংখ্য ধন্যবাদ। রথের উৎসবেও আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে। ওঁদের কোনও সহযোগিতা লাগলে আমরা সবসময়ই প্রস্তুত থাকব।"
ইস্কনের প্রধান সেবায়েত ঔদ্ধজ্যচন্দ্র দাস বলেন,"গত দু'বছর ধরে আকবর রোড মাঠে রথের মেলার আয়োজন করা হচ্ছে। রথের আগেই কুরবানি ইদের নামাজ পড়ার জন্য এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা আমাকে জানান। আমরা সঙ্গে সঙ্গেই সম্মতি দিয়েছিলাম। রথের মেলার প্রস্তুতির কারণে বাঁশের কাঠামো তৈরি করেছিলাম। সেই কাঠামোর উপরেই ত্রিপল টাঙিয়ে নমাজ পড়ার ব্যবস্থা করেছিলাম। এভাবেই সকলে মিলেমিশে থাকতে চাই।"