Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জয়নগরের দলুয়াখাঁকিতে ফিরলেন 'ঘরছাড়া'রা, ৪৮ ঘণ্টা পরও আতঙ্কে দিন গুনছেন গ্রামবাসীরা

আড়াই দিন পরও থমথমে জয়নগরের বামনগাছির দলুয়াখাঁকি গ্রাম। বুধবার দুপুরের পর থেকে ঘরছাড়াদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 

জয়নগরের দলুয়াখাঁকিতে ফিরলেন 'ঘরছাড়া'রা, ৪৮ ঘণ্টা পরও আতঙ্কে দিন গুনছেন গ্রামবাসীরা

শেষ আপডেট: 15 November 2023 18:57

দ্য ওয়াল ব্যুরো: জোড়া খুনের পর পেরিয়ে গিয়েছে ৪৮ ঘণ্টা । উত্তেজিত জনতার গণপিটুনিতে মৃত্যু হয়েছে সাহাবুদ্দিন শেখের। পুলিশের জালে ধরা পড়েছে শাহরুল শেখ। বাকি তিন আততায়ী কোথায়? তা নিয়েই তোলপাড় এলাকা। আড়াই দিন পরও থমথমে জয়নগরের বামনগাছির দলুয়াখাঁকি গ্রাম। বুধবার দুপুরের পর থেকে ঘরছাড়াদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 

সোমবার জয়নগরের দলুয়াখাঁকি গ্রামে দিনভর চলে তাণ্ডব। একের পর এক বাড়িতে আগুন ধরানো হয়। চলে মারধর, লুটপাট। গ্রামবাসীদের চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায় বসতবাড়ি, গাছপালা সহ সারা বছরের গোলা ভরা ধানও। ঘরছাড়া হন একাধিক বাড়ির পুরুষেরা। এরপর মঙ্গলবার সারাদিন জয়নগরের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তরজা। কিন্তু ৪৮ ঘন্টা পরও ঘরে ফিরতে পারেননি অসংখ্য গ্রামবাসী। অবশেষে আগুনে বাড়ি ভস্মীভূত হওয়া পরিবারদের ঘরে ফেরানোর তোড়জোড় শুরু হয়েছে।

শুধু পুরুষই নয়, আগুনে পুড়ে ছারখার হয়ে যাওয়া গ্রামের শিশুদের নিয়ে  মহিলারাও বাড়ি ছাড়েন। প্রশাসনের তরফে গ্রামছাড়াদের ফেরানোর কথা ছিল বুধবার। যদিও বুধবার দুপুর ১২টা পর্যন্ত কেউ গ্রামে ফেরেননি। এরপর বেলা বাড়তেই ঘরছাড়া পরিবারদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। পুলিশের সঙ্গে কথা হওয়ার পর বাড়ি ফেরানোর প্রস্তুতি চলছে। বারাসতে সিপিএমের পার্টি অফিস থেকে ওই গ্রামবাসীদের বিভিন্ন সামগ্রী দেওয়া হয়েছে।

পুলিশের তৎপরতাতেই এদিন ঘরছাড়া গ্রামবাসীদের ঘরে ফেরানো হয়েছে। একের পর এক অটো রিকশা করে ঘরছাড়া মহিলা ও শিশুদের ঘরে ফেরানোর ব্যবস্থা করে পুলিশ। বারুইপুর মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে নিজে উপস্থিত থেকে গ্রামবাসীদের ঘরে ফেরার ব্যবস্থা করেন। তিনি জানান, ঘর ছাড়াদের ঘরে ফেরানোর কাজ চলছে। প্রশাসনের তরফে ব্যবস্থা করা হয়েছে। গ্রামবাসীদের নিরাপত্তার স্বার্থে আপাতত গ্রামে পুলিশ পিকেট রাখা হচ্ছে। ঘরে ফিরতে পেরে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ঘরছাড়া গ্রামবাসীরা। তবে অনেকেই আগুনে পুড়ে নি:স্ব হয়ে গিয়েছেন। নতুন করে সংসার সাজানোর আশায় রয়েছেন তাঁরা। 

ঘটনার শুরু তৃণমূলের অঞ্চল সভাপতিকে খুন দিয়ে। ওই ঘটনার পরেই অভিযুক্তদের তাড়া করে একদল গ্রামবাসী। দুজনকে ধরেও ফেলেন তাঁরা। তখনই গণপ্রহারে মৃত্যু হয় এক অভিযুক্ত সাহাবুদ্দিনের। ওই ঘটনার পরেই ৫ কিলোমিটার দূরের দলুয়াখাঁকি গ্রামে হামলা হয়। অভিযোগ ওই গ্রামে সিপিএম কর্মীদের উপর বেছে বেছে হামলা চালিয়েছে তৃণমূলের কর্মী-সমর্থকরা। সোমবারের এই ঘটনায় যেন ফিরে এসেছে বীরভূমের বগটুইয়ের স্মৃতি।


```