
শেষ আপডেট: 12 April 2024 17:26
দ্য ওয়াল ব্যুরো: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত শান্তিপ্রসাদ (এসপি) সিনহা এবং প্রসন্ন রায়ের বহু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। দুই অভিযুক্তের জমি, ফ্ল্যাট সহ ২৩০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, কেন্দ্রীয় এজেন্সি সূত্রে এমনটাই জানা গেছে।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা নিউটাউন, পাথরঘাটা, মহেশতলা, সুলতানপুরে মিডলম্যান প্রসন্ন রায়ের ৩০ বিঘে জমির হদিশ পেয়েছেন। এছাড়াও এসপি সিনহার পূর্ব যাদবপুর ও কলকাতার বিভিন্ন জায়গায় রয়েছে বেনামী ফ্ল্যাট। শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকাতেই প্রসন্ন ও শান্তিপ্রসাদের এই বিপুল সম্পত্তি হয়, এমনটাই দাবি ইডি কর্তাদের।
এর আগে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ১৩৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। নতুন করে ২৩০ কোটি বাজেয়াপ্ত করা হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ৩৬৫ কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
নবম-দশমের শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে গত ৩ এপ্রিল ইডির হাতে গ্রেফতার হন শান্তি প্রসাদ। এর আগে ২০২২ সালে গ্রুপ সি মামলায় তাঁকে গ্রেফতার করে সিবিআই। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যে নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটি তৈরি করেছিলেন, তার চেয়ারম্যান পদে ছিলেন শান্তিপ্রসাদ। অভিযোগ, এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান ভুয়ো নিয়োগপত্র দিয়েছেন।
অন্যদিকে, গত ১৯ ফেব্রুয়ারি রাতে এসএসসি নিয়োগ মামলায় প্রসন্নকে গ্রেফতার করে ইডি। একই মামলায় তিনি আগেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন। পরে জামিনে মুক্তি পান। আদালতে ইডি জানিয়েছিল, প্রসন্ন শিক্ষা দফতরের আধিকারিক এবং অযোগ্য প্রার্থীদের মধ্যে মিডলম্যান হিসাবে কাজ করতেন। ইডি আধিকারিকদের দাবি, রীতিমতো অযোগ্য প্রার্থীদের থেকে টাকা নিয়ে ভুয়ো নিয়োগপত্র দিয়ে তিনি একাই ১০০ কোটি টাকা তুলেছেন। এছাড়া প্রসন্নর বিরুদ্ধে ওএমআর শিট নিয়ে কারচুপির অভিযোগও উঠেছিল।