
শেষ আপডেট: 19 December 2023 12:41
দ্য ওয়াল ব্যুরো: বিপুল লেনদেন, বেআইনি বেচাকেনার হিসাবনিকাশ। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারের পর রেশন বণ্টন দুর্নীতির মামলার তদন্তে ক্রমশ জাল বিছোচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তে উঠে আসছে একের পর এক তথ্য। দুর্নীতির সীমা যে কতদূর বিস্তৃত, তা খোদ তদন্তকারীরাও বুঝে উঠতে পারছেন না। টাকার অঙ্কে ডানদিকে ক্রমশ ‘শূন্য’ বেড়ে চলেছে। এখনও সেই দুর্নীতির পুরো হিসেব কষে উঠেত পারেনি ইডি। তবে দুর্নীতি থেকে রেশন কাণ্ডে অন্যতম অভিযুক্ত বাকিবুর রহমানের পকেটে কত ঢুকেছে ইতিমধ্যে সেই রিপোর্ট পাঠানো হয়েছে দিল্লিতে।
ইডি সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বাকিবুরকে নিয়ে দিল্লিতে পাঠানো রিপোর্টে উল্লেখ করা হয়েছে, রেশন দুর্নীতিতে বাকিবুর একাই ১০০০ কোটি টাকা কামিয়েছেন। গত ১০ বছরে তিনি এই বিপুল সম্পত্তির মালিক হয়েছেন বলে দাবি ইডির। এখানেই শেষ নয়, বাকিবুরের অজস্র বেআইনি সম্পত্তির হদিশও দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
ইতিমধ্যেই রেশন দুর্নীতিতে চার্জশিট পেশ করা হয়েছে। যেখানে বাকিবুর ছাড়াও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। রিপোর্টে ধরা পড়েছে একাধিক চাঞ্চল্যকর তথ্য । যেমন ধান কেনার প্রক্রিয়ায় শুধুমাত্র বাকিবুরের সংস্থা ৪৫০ কোটি টাকা আত্মসাৎ করেছে। এছাড়া রেশন বন্টনের ক্ষেত্রে যেভাবে ২৫ শতাংশ করে বরাদ্দ কম দেওয়া হত এবং একইসঙ্গে নিম্নমানের খাদ্যশস্য দেওয়া হত, তাতেও বড়সড় লাভের মুখ দেখেন খাতায় কলমে আটাকলের মালিক বাকিবুর। আর সবমিলিয়ে ইডির হিসাব অনুযায়ী, বাকিবুর একাই ১০০০ কোটি টাকা লোপাট করে দিয়েছেন।
যেভাবে দিনের পর দিন চমকে দেওয়ার মতো তথ্য সামনে আসছে তাতে আগামী দিনে যে এই দুর্নীতিতে টাকার অঙ্ক আরও বাড়তে পারে বলেই মনে করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।