অতীতে বাংলা একাধিক তৃণমূল নেতা, মন্ত্রীর বাড়িতে ইডি বা সিবিআইয়ের অভিযানের সাক্ষী থেকেছে। তবে কোনও ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী তো দূরে থাক এভাবে একসঙ্গে এতজন ভিআইপিকে সেখানে যেতে দেখা যায়নি।
.jpeg.webp)
প্রতীক জৈন।
শেষ আপডেট: 8 January 2026 16:01
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ ইডি হানা দেয় আই-প্যাকের (ED raids I PAC office) কর্ণধার ও সহ-প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাড়িতে (Pratik Jain)। তদন্তকারী সংস্থার উপস্থিতির সেই খবর ছড়াতেই কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)।
শুধু মুখ্যমন্ত্রী একা নন, তাঁর পাশাপাশি প্রতীকের অফিসে পৌঁছে যান কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা। পরে সেখানে হাজির হন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং বিধাননগরের পুলিশ কমিশনারকেও দেখা যায় প্রতীকের অফিসে।
অতীতে বাংলা একাধিক তৃণমূল নেতা, মন্ত্রীর বাড়িতে ইডি বা সিবিআইয়ের অভিযানের সাক্ষী থেকেছে। তবে কোনও ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী তো দূরে থাক এভাবে একসঙ্গে এতজন ভিআইপিকে সেখানে যেতে দেখা যায়নি। স্বভাবতই, জনমানসে কৌতূহল, কে এই প্রতীক জৈন? তৃণমূলের সঙ্গেই বা তাঁর সম্পর্ক কী?
লিঙ্কডইন প্রোফাইল ঘাঁটলে উঠে আসে প্রতীক জৈনের পথচলার গল্প। ২০০৮ সালে বম্বের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে (IIT Bombay) ভর্তি হন তিনি। মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেটেরিয়াল সায়েন্সে বি.টেক ডিগ্রি অর্জন করেন প্রতীক।
কর্পোরেট দুনিয়ায় তাঁর যাত্রা শুরু অ্যাক্সিস ব্যাঙ্কে ইন্টার্ন হিসেবে। মুম্বইয়ে অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডে দু’মাসের ইন্টার্নশিপের পর ২০১২ সালে যোগ দেন ডেলয়েটে, Deloitte Touche Tohmatsu India Pvt Ltd-এ অ্যানালিস্ট পদে। সেখানে এক বছর তিন মাস কাজ করার পর ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত।
২০১৩ সালে গড়ে তোলেন ‘সিটিজেনস ফর অ্যাকাউন্টেবল গভর্ন্যান্স’, তাঁর নিজের উদ্যোগ। ২০১৫ সালের মার্চ পর্যন্ত সেই সংস্থার সঙ্গেই যুক্ত ছিলেন। এরপরই রাজনীতির ময়দানে পা। প্রশান্ত কিশোরের হাত ধরে তৈরি হয় ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি— আই-প্যাক। সহ-প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর হিসেবে শুরু হয় প্রতীক জৈনের নতুন অধ্যায়।
দশ বছরেরও বেশি সময় ধরে আই-প্যাকের অন্যতম মুখ তিনি। বিহার, পঞ্জাব, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, একের পর এক রাজ্যের নির্বাচনে ভোটকুশলী হিসেবে কাজ করেছেন প্রতীক। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের কৌশল রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আই-প্যাকের, আর সেই সূত্রেই তৃণমূলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা।
বৃহস্পতিবার ভোরে ইডির অভিযানে ফের আলোচনার কেন্দ্রে সেই নাম, প্রতীক জৈন। আর তাঁর বাড়ির দরজায় মুখ্যমন্ত্রীর উপস্থিতি রাজনীতির পারদ আরও চড়াল, তা বলাই বাহুল্য।