
শেষ আপডেট: 16 September 2022 06:42
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির (Delhi) মদ কেলেঙ্কারি (Liquor Scam) মামলায় ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আজ এই মুহূর্তে তারা দেশের ৪০টি জায়গায় হানা (Raid) দিয়েছে। এরমধ্যে হায়দরাবাদের (Hyderabad) ২৫টি ঠিকানায় হাজির হয়েছেন ইডির গোয়েন্দারা। এছাড়া, দিল্লি, বেঙ্গালুরু এবং চেন্নাই শহরেও তল্লাশি অভিযান চলছে। মূলত বড় মদ ব্যবসায়ীদের ডেরায় আজ হানা দিয়েছে ইডি। যারা দিল্লি-সহ দেশের বড় শহরগুলিতে ব্যবসা করে থাকেন। প্রসঙ্গত, মদকাণ্ড নিয়ে মূল তদন্তকারী সংস্থা হল সিবিআই। তারা দফায় দফায় তল্লাশি চালিয়েছে দিল্লির বিভিন্ন জায়গায়। তারমধ্যে দিল্লির আবগারি মন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়ি, অফিসও রয়েছে। মদ কেলেঙ্কারিতে মূল অভিযোগ, সিসোদিয়ার নেতৃত্বে দিল্লির আপ সরকার এমন নীতি চালু করেছিল যার দ্বারা বড় মদ ব্যবসায়ীরা প্রভূত লাভ করে। ব্যবসায় ভাটা পড়ে ছোট ব্যবসায়ীদের। লাভবান ব্যবসায়ীরা লাভের একাংশ আপের নির্বাচনী তহবিলে দিয়েছে। এই অভিযোগ খতিয়ে দেখতেই দিল্লির উপ-রাজ্যপাল ভিকে সাক্সেনা সিবিআই তদন্তের নির্দেশ দেন।
এদিকে, মদকাণ্ডেই ইডি হাওলাকাণ্ডে ধৃত দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকেও জেরা করতে চায়। আজই তাঁকে জেরা করা হতে পারে। বৃহস্পতিবারই বিশেষ সিবিআই বিচারক গীতাঞ্জলি গোয়েল দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে জেরা করার অনুমতি দেন। আদালত নির্দেশ দিয়েছে যে, জৈনকে তিহার জেলে জিজ্ঞাসাবাদ করতে হবে। বর্তমানে ওই জেলেই বন্দি তিনি।
মদ কেলেঙ্কারি নিয়ে গত কয়েকদিন যাবৎ আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে রীতিমত যুদ্ধ চলছে। একের পর এক স্টিং অপারেশনের ভিডিও হাজির করে বিজেপি দাবি করছে মনীশ সিসোদিয়াই শুধু নন, মদ কেলেঙ্কারিতে সরাসরি যুক্ত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
জঙ্গি সন্দেহে গ্রেফতার মালদহের যুবক, উত্তরপ্রদেশে ছিল গা ঢাকা দিয়ে