
প্রতীকী ছবি
শেষ আপডেট: 17 April 2025 10:55
দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো পাসপোর্ট মামলায় (Fake Passport Case) ফের রাজ্যে তল্লাশি অভিযান করল ইডি (ED)। বৃহস্পতিবার নদিয়ার চাকদহে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দল। অভিযোগ, ওই ব্যক্তি ভুয়ো পরিচয় পত্র বানানোর কাজে যুক্ত।
মঙ্গলবার রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে বিরাটি থেকে আজাদ মল্লিক নামে একজনকে গ্রেফতার করেছিল ইডি। এখন তাঁরা জেনেছে চাকদহের এই ব্যক্তি তাঁরই সহযোগী। আজাদ আদতে বাংলাদেশি নাগরিক, কাঁচরাপাড়ার একটি ক্যাফে থেকে ১২-১৩ হাজার টাকার বিনিময়ে ভুয়ো পাসপোর্ট বানানোর কাজ করতেন। এছাড়াও অন্যান্য একাধিক নথি এবং পরিচয়পত্র বানানোর কাজও লোক দিয়ে করাতেন আজাদ বলে জেনেছে ইডি। সেই সূত্রেই ফের তল্লাশি অভিযান এবং আজাদ ঘনিষ্ঠ এই ব্যক্তির বাড়িতে হানা।
গত বছরের শেষদিকে ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরির ঘটনা প্রথম সামনে আসে। আঞ্চলিক পাসপোর্ট দপ্তরের তরফে দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে আসে পাসপোর্ট তৈরির একটি বড় চক্রের কথা। তারপর একাধিক জায়গায় অভিযান চালিয়ে এই সংক্রান্ত নথি উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা। মামলায় পুলিশ মোট দশজনকে গ্রেফতার করে, যাদের মধ্যে একজন প্রাক্তন পুলিশকর্মী, সঙ্গে ডাক বিভাগের দুই কর্মী রয়েছেন। এরপরই জানা যায়, রাজ্যজুড়ে বিস্তৃত রয়েছে এই চক্রের জাল।
২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর প্রথম জাল পাসপোর্ট কেলেঙ্কারির অভিযোগ দায়ের হয় ভবানীপুর থানায়। মামলায় প্রাথমিকভাবে ৩৭ জনের নাম উঠে আসে। অভিযোগ, অভিযুক্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে জাল নথি জমা দিয়ে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করতেন। এরপর বিশেষ তদন্তকারী দল গঠন করে পুলিশ। পর্যায়ক্রমে গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। উঠে আসে বাংলাদেশ যোগও। তারপর থেকে লাগাতার রাজ্যে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।