
শেষ আপডেট: 4 November 2023 15:44
দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতিকাণ্ডে শনিবার সকাল থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে ইডির তল্লাশি অভিযান। নদিয়া থেকে বনঁগা, একাধিক জায়গায় হানা দেয় ইডির আধিকারিকেরা। এরই মধ্যে হাওড়ার ডোমজুড়ে একটি আটা তৈরির কারখানাতেও অভিযান চালায় ইডি।
জালান কমপ্লেক্সের অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড নামে একটি আটা তৈরির কারখানা এবং গোডাউনে ইডি হানা দেয়। শুক্রবার গভীর রাত থেকে এখনও সেখানে চলছে তল্লাশি। ঘটনাস্থলে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এখান থেকেই রেশন দোকানে আটা, ময়দা এবং অঙ্গনওয়াড়ি স্কুলের শিশুদের খাবার সরবরাহ করা হত। আর সেখানেই দুর্নীতির অভিযোগ পেয়ে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
অন্যদিকে, এদিন ইডির চার সদস্যের একটি দল পৌঁছে যান রানাঘাটে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে রানাঘাটের এক রেশন ডিলারের বাড়িতে যান তদন্তকারীরা। এরপর খানিক বাদেই রানাঘাট পুরসভার ১ নম্বর ওয়ার্ডের সড়ক পাড়ায় এক রেশন ডিলারের বাড়িতেও ইডি হানার খবর মেলে।
একইসঙ্গে বনগাঁর বিভিন্ন চাল এবং আটাকলেও হানা দেয় ইডি। এদিন সকালে উত্তর ২৪ পরগনার নানা প্রান্তে অভিযান চালায় ইডি। সকালে কালুপুরের রাধাকৃষ্ণ আটাকল এবং রাধাকৃষ্ণ চালকলে যান তদন্তকারীরা। জানা যাচ্ছে, সংশ্লিষ্ট চালকল এবং আটাকলের মালিক মন্টু সাহা এবং কালীদাস সাহা। তাঁদের বাড়িতেও গিয়েছে ইডি। সেখানেও চলছে জিজ্ঞাসাবাদ।