
শেষ আপডেট: 25 December 2023 12:32
দ্য ওয়াল ব্যুরো: বড়দিনের সকালেই সক্রিয় ইডি। সোমবার সাতসকালে কামারহাটি পুরসভার এক ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেখান থেকেই উদ্ধার হয়েছে নগদ ১৪ লক্ষ টাকা এবং ১ কোটি ৬৩ লক্ষ টাকা মূল্যের হিরে ও সোনার গয়না।
জানা গেছে, তমাল দত্ত নামে ওই ব্যক্তি কামারহাটি পুরসভার ইঞ্জিনিয়ার। তিনি চাকরি পেয়েছিলেন ২০১৬ সালে। চাকরি পাওয়ার মাত্র ৬ বছরের মধ্যেই তাঁর নামে কোটি কোটি টাকার সম্পত্তির হদিস মিলেছে বলে জানা গেছে। সেই সূত্রেই তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছেন গোয়েন্দারা। জানা গেছে, এর আগে ৫ অক্টোবর তমাল দত্তের বাগুইআটির অর্জুনপুরের ফ্ল্যাটেও তল্লাশি চালিয়েছিল ইডি।
তারপর সোমবার তাঁর কামারহাটি বাড়িতে হাজির হয়েছিল ইডি। জানা গেছে, তাঁর বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ এবং সোনা ও হিরের গয়না পাওয়া গেছে। উদ্ধার হওয়া টাকার পরিমাণ সাড়ে ১৪ লক্ষ। এছাড়া সোনা ও হিরের গয়না যা পাওয়া গেছে, তার বাজারমূল্য ১ কোটি ৬৩ লক্ষ টাকা। ওই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে ১৩০০ পৃষ্ঠার সম্পত্তির নথি উদ্ধার হয়েছে বলে দাবি তদন্তকারীদের।
একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কীভাবে এত কোটি টাকার সম্পত্তির মালিক হলেন, তাও আবার চাকরি পাওয়ার মাত্র ৬ বছরের মধ্যে, সেটাই এখন তদন্তকারীদের ভাবাচ্ছে। এই বিপুল পরিমাণ টাকা ও গয়না কোথা থেকে পেলেন তিনি, তা নিয়ে তদন্ত চালাচ্ছে ইডি। কোনও বড়সড় দুর্নীতির সঙ্গে তাঁর যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।