
শেষ আপডেট: 2 August 2022 07:57
দ্য ওয়াল ব্যুরো: ন্যাশনাল হেরাল্ড মামলায় (National Herald Case) এবার তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার ন্যাশনাল হেরাল্ডের অফিসে অভিযান (ED Raids) চালালেন ইডি আধিকারিকরা। সোমবার ফের একবার কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসাররা। তার পরের দিনই এই শুরু হল এই তল্লাশি অভিযান।
শুধু দিল্লির হেরাল্ডের অফিস নয়, এই মামলার সঙ্গে যুক্ত মোট ১২টি জায়গায় এই অভিযান চালিয়েছে ইডি। এর মধ্যে রয়েছে অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের একাধিক জায়গা। সংবাদমাধ্যম সূত্রের খবর, এই অভিযানের পর কিছু সম্পত্তি এই মামলার সঙ্গে যুক্ত করতে পারে ইডি।
গত মাস থেকে এই মামলা সনিয়া গান্ধী (Sonia Gandhi) ও রাহুল গান্ধীকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ইতিমধ্যেই সনিয়াকে তিনদিন ইডির জেরার মুখে বসতে হয়েছে। ইডি সূত্রে খবর, মোট ১২ ঘণ্টায় ১০০টি প্রশ্ন করা হয়েছে তাঁকে। এর আগে রাহুল গান্ধীকেও (Rahul Gandhi) একই মামলায় ১৫০টি প্রশ্ন করা হয়েছে।
উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড হল জাতীয় কংগ্রেসের অধুনা বন্ধ ইংরেজি মুখপাত্র। এছাড়া নবজীবন নামে হিন্দি এবং কওমি আওয়াজ নামে উর্দু পত্রিকা বের করত কংগ্রেস। তিনটি কাগজই প্রকাশ করত অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। তাই এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত একাধিক এলাকায় তল্লাশি অভিযান শুরু করল ইডি।
ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির জেরায় সনিয়ার মুখে মতিলাল ভোরার নাম, আপত্তি ছেলের