
শেষ আপডেট: 11 December 2023 15:33
দ্য ওয়াল ব্যুরো: সোমবার 'কালীঘাটের কাকু'কে দেখতে এসএসকেএম হাসপাতালে আসেন ইডি আধিকারিক। সুজয়কৃষ্ণ ভদ্রর শারীরিক অবস্থা খতিয়ে দেখতে কেন্দ্রীয় এজেন্সির এক আধিকারিক এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে আসেন। এর আগে 'কাকু'র উপর নজর রাখতে সিআইএসএফের ২ জওয়ানকে আইসিসিইউ-এর দরজায় রাখা হয়েছিল।
কড়া নিরাপত্তার মধ্যে কার্ডিওলজি বিভাগের আইসিসিইউতে রয়েছেন সুজয়কৃষ্ণ। ৩ দিন হয়ে গেল, শিশুদের ওয়ার্ডে আছেন তিনি। এই কয়েক দিনে তাঁর শারীরিক পরিস্থিতির কি কোনও উন্নতি হয়েছে কিনা তা খতিয়ে দেখতেই সোমবার সকাল ১১ টা নাগাদ এসএসকেএম হাসপাতালে আসেন ইডির এক আধিকারিক।
উল্লেখ্য, সুজয়কৃষ্ণ ভদ্র এসএসকেএম হাসপাতালের আইসিসিইউতে আসার পর, এই প্রথম ইডির কোনও আধিকারিক তাঁকে দেখতে এলেন। কতদিন লাগবে তাঁর কণ্ঠস্বরের নমুনা পেতে, শারীরিকভাবে আদতে কেমন আছেন কালীঘাটের, শারীরিক অসুস্থতার গুরুত্ব ঠিক কতটা-এই সমস্ত কিছু নিজের চোখে খতিয়ে দেখতেই ইডির আধিকারিক এসএসকেএম হাসপাতালে আসেন।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে একটি অডিও রেকর্ডিং পায় ইডি। সেখানে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর রয়েছে বলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি। ওই গলার স্বরের নমুনা মিলিয়ে দেখতে চায় ইডি। একাধিকবার দীর্ঘক্ষণ অপেক্ষা করেও গত শুক্রবার খালি হাতে ফিরতে হয়েছিল ইডি কর্তাদের। এসএসকেএম হাসপাতাল থেকে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার যাবতীয় প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত আইসিসিইউ-তে চিকিৎসাধীন রয়ে গিয়েছেন সুজয়কৃষ্ণ।
এদিকে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের মেডিক্যাল রিপোর্টে সবুজ সংকেত না পাওয়ায় আদালতের নির্দেশের পরেও গলার স্বরের নমুনা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না বলে দাবি ইডির। সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা কেমন ছিল, কেন তাঁকে আইসিসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল, এই বিষয়ে লিখিত আকারে ইডির কাছে তথ্য দিয়েছে এসএসকেএম। আর এবার নিজের চোখে খতিয়ে দেখতে সোমবার এসএসকেএমে পৌঁছে যান ইডির আধিকারিক।