
শেষ আপডেট: 12 January 2024 17:13
দ্য ওয়াল ব্যুরো: ঘড়ির কাঁটায় তখন সদ্য ছ’টা। লেকটাউনের মতো জায়গায় তখনও ব্যস্ততা শুরু হয়নি। অনেক বাড়িতেই তখনও সকালের চায়ের জলই বসেনি। সে সময় শান্ত পাড়ায় পরপর 'লাল বাতি'র গাড়ি ঢুকে পড়ে। কলিংবেল বাজিয়ে ইডি অফিসাররা ঢুকে পড়েন রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে!
তারপর সকাল পেরিয়ে বেলা, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল এখনও ইডি অফিসারদের বের হওয়ার নাম গন্ধ নেই। সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরেই এই তল্লাশি অভিযান। ঘণ্টার পর ঘণ্টা ধরে একাধিক নথি খতিয়ে দেখছেন ইডি অফিসাররা। দফায় দফায় জেরা করা হচ্ছে সুজিতকে। আর এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। সেই নিশ্ছিদ্র বেড়াজাল পেরিয়ে কারও ঢোকার অনুমতি নেই।
সকাল থেকেই লেকটাউন এলাকায় কান পাতলেই একটা কথাই শোনা যাচ্ছে, 'দাদার বাড়িতে ইডি হানা দিয়েছে'। অনেকে আবার চাপাস্বরে এও প্রশ্ন করছেন, 'আজ কি সুজিত বসুকে গ্রেফতার করা হবে?' এইসব প্রশ্নের উত্তর পেতে এখনও অপেক্ষা করতে হবে। কিন্তু এলাকার মানুষের কাছে কৌতূহল জাগিয়েছে আরও একটি বিষয়। তা হল, বিরিয়ানি!
হ্যাঁ ঠিকই পড়েছেন। শুক্রবার দুপুরবেলা দেখা গেল সুজিতের বাড়িতে ঢুকছে প্যাকেট প্যাকেট বিরিয়ানি। আগেও হয়তো এলাকার মানুষ দেখেছেন মন্ত্রীর বাড়িতে বিরিয়ানি যেতে, কিন্তু শুক্রবারের ব্যাপারটা আলাদা। আজ যে মন্ত্রীর বাড়িতে 'অতিথি' ইডি অফিসাররা! সূত্রের খবর, ইডি অফিসারদের দুপুরের মেনুতে শুক্রবার রয়েছে চিকেন বিরিয়ানি।
জানা গেছে, লেকটাউন এলাকার এক রেস্তোরাঁতে বিরিয়ানির অর্ডার দেওয়া হয়েছিল। সুজিতের বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিট দূরে। সময় মতোই সেই বিরিয়ানির প্যাকেট এসে পৌঁছয় সুজিতের বাড়িতে। ইডি অফিসাররা তো বটেই, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জন্যও বিরিয়ানির বন্দোবস্ত করা হয়েছে।
ইডি যেভাবে ম্যারাথন তল্লাশি শুরু করেছে, তাতে অনেকেই আশঙ্কা করছেন, রাত পেরিয়ে যেতে পারে। কেউ কেউ মজা করে বলতেও শুরু করেছেন, দুপুরে যদি বিরিয়ানি হয়, তবে রাতের মেনু কি হবে, রুটি-চিকেন?