
শেখ শাহজাহান এবং শেখ সিরাজুদ্দিন
শেষ আপডেট: 23 April 2024 11:54
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার হয়ে এখন জেলবন্দি শেখ শাহজাহান। এবার তাঁর ভাই সিরাজুদ্দিনের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হল। ইডি আশঙ্কা করছে, সিরাজুদ্দিন পালিয়ে যেতে পারে। সেই প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে এই নোটিস জারি করা হয়েছে।
শেখ শাহাজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তো আছেই। তাঁর ভাই সিরাজুদ্দিনের বিরুদ্ধেও অভিযোগের সংখ্যাটা কম নয়। সন্দেশখালির ঘটনার পর এলাকায় যে পুলিশ ক্যাম্পের বন্দোবস্ত করা হয়েছিল সাধারণ মানুষের অভিযোগ নেওয়ার জন্য, তাতে কমপক্ষে ১০০টি অভিযোগ জমা পড়েছিল সিরাজের বিরুদ্ধে। তাতে জমি জবর দখল থেকে শুরু করে মারধর করা, হুমকি দেওয়ার মতো ঘটনা ছিল।
শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে সে সময়ে মামলা রুজু করেছিল পুলিশ। কিন্তু তাঁর খোঁজ পাওয়া যায়নি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি তাঁকে একাধিকবার তলব করেছিল। কিন্তু সেই তলবেও সাড়া দেয়নি সিরাজ। ইডি মনে করছে, গত ৫ জানুয়ারি সন্দেশখালির ঘটনার পরই সে বেপাত্তা হয়ে গেছে। তারা এও আশঙ্কা করছে, রাজ্য ছেড়ে পালিয়ে যেতে পারে সে। তাই ইতিমধ্যেই সিরাজের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করা হয়েছে।
শুধুমাত্র নোটিস জারি করেই চুপ করে নেই ইডি। শেখ সিরাজুদ্দিন যাতে কোনও ভাবে দেশ ছেড়ে না যেতে পারে সেই কারণ বিমানবন্দর কর্তৃপক্ষকেও সতর্ক করেছে তাঁরা। সিরাজের ছবি এবং ব্যক্তিগত কিছু তথ্য ইডি পাঠিয়ে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। সন্দেশখালি কাণ্ডে বর্তমানে গ্রেফতার হয়েছেন শিবু হাজরা, উত্তম সর্দার, অজিত মাইতি। প্রত্যেকের বিরুদ্ধে ঘুরেফিরে একই অভিযোগ রয়েছে। শাহজাহানের আর এক ভাই আলমগিরকেও গ্রেফতার করেছে সিবিআই।