
শেষ আপডেট: 8 November 2023 16:22
দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার ইডির নজরে এক মহিলা রেশন ডিলার। নদিয়ার রানাঘাটের ওই মহিলা রেশন ডিলারকে বুধবার সকাল থেকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা।
সম্প্রতি উত্তর ২৪ পরগনা এবং নদিয়ার একাধিক রেশন দোকানে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সূত্রেই ইডির স্ক্যানারে চলে আসে ওই মহিলা রেশন ডিলারের নাম। ইডির সূত্রের দাবি, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং চালকল মালিক বাকিবুর রহমানের ঘনিষ্ঠবৃত্তে যে কয়েকজন রেশন ডিলার রয়েছেন, তাঁদেরই অন্যতম ওই মহিলা।
শুধু রেশনের গম নয়, চাষিদের নাম করে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সরকারি মূল্যে চাল ক্রয়েও বিস্তর দুর্নীতির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। খোলা বাজারে বিক্রি হওয়া রেশনের সামগ্রী কিংবা চাষির চালের বেনিয়মে ওই মহিলার যোগসাজশ কতখানি ছিল, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
রেশন দুর্নীতি কাণ্ডে বাকিবুর রহমানকে গ্রেফতারের পর থেকেই ইডি সূত্রে দাবি করা হচ্ছিল যে নগদে কোটি কোটি টাকা বেআইনি লেনদেন হয়েছে। সেই কালো টাকার সন্ধানে লাগাতার তল্লাশি চালাচ্ছেন ইডির গোয়েন্দারা। রেশন দুর্নীতির তদন্তে শনিবার ভোর থেকে টানা তল্লাশি অভিযানে নামে ইডি। চাল কল, আটা কল, রেশন ব্যবসায়ী, ফড়ে—এই তল্লাশি অভিযানে কিছুই বাদ রাখা হয়নি। উত্তর ২৪ পরগনা ও নদিয়ায় একাধিক চালকল, উলুবেড়িয়ার একটি মিলে তল্লাশি চালায় ইডি।
সব মিলিয়ে নগদ প্রায় দেড় কোটি টাকার পাশাপাশি প্রচুর নথিপত্রও বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি সূত্রে বলা হচ্ছে, রেশন দুর্নীতির কাণ্ডে বেশ কিছু ফড়ে ও ব্যবসায়ী জড়িত। এই সূত্রেই বালু ঘনিষ্ঠ এই মহিলা রেশন ডিলারের কথা জানতে পারেন তদন্তকারীরা।