
পার্থ চট্টোপাধ্যায়। ফাইল ছবি।
শেষ আপডেট: 14 June 2024 12:54
দ্য ওয়াল ব্যুরো: ২০২২ সালের ২৩ জুলাই রাজ্যের তৎকালীন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাটে টাকার পাহাড়ের হদিশ পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নগদ টাকার পাশাপাশি বিদেশি মুদ্রা, সোনা সবমিলিয়ে প্রায় ৬০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি।
টাকা গুনতে আনা হয়েছিল মেশিন। টিভির পর্দায় টাকার পাহাড়ের ওই ছবি দেখে চোখ কপালে উঠেছিল আম আদমির। সেই থেকে বন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। ইতিমধ্যে তাঁর শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসা করাতে চেয়ে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ।
এরই মধ্যে নামে বেনামে পার্থর আরও কয়েক কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। তদন্তকারী সংস্থা সূত্রের খবর, কলকাতার পাটুলি, বীরভূমের বোলপুর এবং দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর-সহ বেশ কয়েকটি জায়গা থেকে বেশ কিছু জমি বাজেয়াপ্ত করা হয়েছে। যার মূল্য প্রায় কয়েক কোটি টাকা।
ইডি সূত্রের দাবি, বাজেয়াপ্ত এই কয়েক কোটি টাকার সম্পত্তির অধিকাংশই পার্থর ঘনিষ্ঠর নামে রয়েছে। এ ব্যাপারে ফের প্রাক্তন মন্ত্রীকে জেরা করতে পারেন তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতির টাকাতেই পার্থ নামে বেনামে এই বিপুল সম্পত্তি করেছিলেন বলে দাবি তদন্তকারী সংস্থার।