
শেষ আপডেট: 30 March 2024 11:43
দ্য ওয়াল ব্যুরো: জেলবন্দি তৃণমূল নেতা শেখ শাহজাহানকে জেরা করতে চেয়ে বসিরহাট আদালতে পৌঁছল ইডির একটি দল। সূত্রের খবর, জেলবন্দি শাহজাহানকে এদিনই জেরা করতে চান তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে আদালতে আবেদনও জানানো হচ্ছে।
সূত্রের খবর, এদিন বেলা ১১টা নাগাদ ইডির পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল বসিরহাট আদালতে এসে পৌঁছেন। কী কারণে জেরা করতে চাইছেন, সেই সংক্রান্ত নথি আদালতে জমা দিয়েছে তদন্তকারী সংস্থা। আদালতের অনুমতি মিললে এখান থেকেই সোজা জেলে পৌঁছবেন ইডি কর্তারা।
সন্দেশখালিতে ইডি অফিসারদের মারধরের ঘটনায় শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই। বৃহস্পতিবার সেই হেফাজতের মেয়াদ শেষে সন্দেশখালির 'ডন'কে ১২ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত।
গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানকে জেরা করতে গিয়ে সন্দেশখালির সরবেড়িয়ায় মারমুখী জনতার হাতে আক্রান্ত হয়েছিলেন ইডি কর্তারা। আদালতের নির্দেশে, ঘটনার তদন্তে নেমে পুলিশি হেফাজত থেকে শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই। এরপরই তদন্তে নেমে শাহজাহানের দুটি গাড়ি বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। সামনে আসে শাহজাহানের বিপুল সম্পত্তিও। এখনও পর্যন্ত প্রায় ১৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
সূত্রের খবর, ওই বিপুল সম্পত্তিরই সূত্র ধরেই শাহজাহানের বিরুদ্ধে আমদানি-রফতানি সংক্রান্ত মামলা আগেই রুজু করেছে ইডি। ইডির নজরে রয়েছে শাহজাহানের নামাঙ্কিত মার্কেট এবং ধামাখালির একটি মাছ বাজারও। মাছের ব্যবসা থেকে শাহজাহান কীভাবে ফুলে ফেঁপে উঠেছেন, সেটাও খতিয়ে দেখছেন ইডি কর্তারা। সেই সূত্রেই এবার শাহজাহানকে হেফাজতে নিয়ে চায় ইডি।