দ্য ওয়াল ব্যুরো : নতুন বছরে ভারতে বিকাশের গতি (Rate of growth) বৃদ্ধি পাবে। কোভিড-১৯ (Covid 19) আমাদের সামনে চ্যালেঞ্জ হয়ে উঠেছে ঠিকই, কিন্তু তাতে বিকাশের গতি বাধা পাবে না। শনিবার নতুন বছরের প্রথম দিনটিতে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি বলেন, আমাদের চূড়ান্ত সতর্কতার সঙ্গে অতিমহামারীর মোকাবিলা করতে হবে। সেই সঙ্গে রক্ষা করতে হবে জাতীয় স্বার্থ।
এদিন প্রধানমন্ত্রী-কিষাণ প্রকল্পের একটি অনুষ্ঠানে মোদী বলেন, ২০২১ সালে অতিমহামারীর মধ্যেও স্বাস্থ্য, প্রতিরক্ষা, কৃষি এবং পরিকাঠামোয় অগ্রগতি সম্ভব হয়েছে। তাঁর কথায়, "২০২১ সালে কোভিডের বিরুদ্ধে ভারত যেভাবে লড়াই করেছে, তা স্মরণীয় হয়ে থাকবে। এই বছরই কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কারও করা হয়েছে।" পরে তিনি বলেন, "আমাদের আরও দ্রুত বিকাশ ঘটাতে হবে। করোনা আমাদের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু সেজন্য বিকাশের গতি কমলে চলবে না।"
শনিবার জানা যায়, তার আগের ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭৭৫ জন। গত ৬ অক্টোবরের পরে দেশে আর কখনও একইদিনে এতজন আক্রান্ত হননি। এদিন দেশে ওমিক্রন ভ্যারিয়ান্টে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩১।
২০২২ সালের প্রথম ভাষণে মোদী বলেন, ভারতের অর্থনীতি এখন আট শতাংশের বেশি হারে বিকশিত হচ্ছে। এদেশে রেকর্ড পরিমাণ বিদেশি পুঁজি এসেছে। বিদেশি মুদ্রার সঞ্চয় বাড়ছে। জিএসটি সংগ্রহও বেড়েছে। পরে প্রধানমন্ত্রী জানান, চলতি আর্থিক বছরে সরকার ৪০ হাজার কোটি ডলারের পণ্য রফতানি করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। মেয়েদের বিবাহের ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করারও প্রক্রিয়া শুরু হয়েছে।