দ্য ওয়াল ব্যুরো : পাঞ্জাবে বিধানসভা নির্বাচনে যদি আম আদমি পার্টি (Aam Admi Party) ভাল ফল করে, তাহলে মুখ্যমন্ত্রী হবেন কে? বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালকে এমনই প্রশ্ন করেন সাংবাদিকরা। কেজরিওয়াল কিন্তু নির্দিষ্ট জবাব দেননি। তিনি বলেন, সময় এলেই উপযুক্ত ব্যক্তিকে মুখ্যমন্ত্রী পদে বেছে নেওয়া হবে। তাঁকে ফের বলা হয়, প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু তো প্রদেশ কংগ্রেস সভাপতির পদে ইস্তফা দিয়েছেন। তিনি কি আপনাদের দলে যোগ দেবেন? কেজরিওয়াল বলেন, যদি সত্যি যোগ দেন, আপনারা নিশ্চয় জানতে পারবেন।
আগামী বছরের শুরুতেই বিধানসভা ভোট হবে পাঞ্জাবে। সেখানে আপের তরফে মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার রাজ্যের নেতা ভগবৎ মান। কেজরিওয়াল এদিন বলেন, মান আমার ভাইয়ের মতো।
দিল্লির মুখ্যমন্ত্রীকে বলা হয়, পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি তো নিজেকে 'আম আদমি' বলে দাবি করেছেন। আপনি কী বলবেন? তিনি বলেন, "কেজরিওয়ালের কথাবার্তা নকল করা সহজ। কিন্তু তার মতো কাজ করা সহজ নয়।" পরে তিনি বলেন, তাঁর প্রথম সরকারের আয়ু ছিল মাত্র ৪৯ দিন। তার মধ্যে ৩২ জন দুর্নীতিগ্রস্ত অফিসারকে জেলে পাঠানো হয়েছিল। পাঞ্জাবে তো অভিযোগ উঠছে, দুর্নীতিগ্রস্ত অফিসারদের গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে।
কেজরিওয়ালের কথায়, "অভিযোগ উঠেছে, চান্নির মন্ত্রিসভায় কয়েকজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি স্থান পেয়েছেন। আমি পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে বলব, কেবল কেজরিওয়ালের মতো কথা বললেই চলবে না। তার মতো সাহসও দেখাতে হবে।"
দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি, কেউ পদের লোভে তাঁর দলে যোগ দেয়নি। দু'দিনের পাঞ্জাব সফরের পর বৃহস্পতিবার কেজরিওয়াল সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, "আমাদের দলে যাঁরা এসেছেন, তাঁরা সকলেই সমাজের সেবা করতে চান।" গত জুন মাসে অমৃতসর সফরে এসেছিলেন কেজরিওয়াল। তখন তিনি বলেছিলেন, শিখ সম্প্রদায়ের কাউকে মুখ্যমন্ত্রী পদে বেছে নেবে আপ।
সম্প্রতি কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়, আপের তরফে পাঞ্জাবে মুখ্যমন্ত্রী পদে প্রার্থী হবেন ভগবৎ মান। কেজরিওয়াল এদিন বলেন, "খবরের কাগজে যা ছাপা হচ্ছে, তা ঠিক নয়।" মান একসময় কমেডিয়ান ছিলেন। সাংবাদিক বৈঠকে তিনি বসেছিলেন কেজরিওয়ালের পাশেই। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, একসময় সাংরুরের এমপি মান কমেডি শো করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতেন। তিনি পাঞ্জাবের স্বার্থে সব ত্যাগ করেছেন।