
শেষ আপডেট: 13 August 2023 18:21
দ্য ওয়াল ব্যুরো: ডার্বি ম্যাচ জয়ের পরে কেটে গিয়েছে চব্বিশ ঘণ্টা। ইস্টবেঙ্গল শিবির থেকে আনন্দের রেশ কাটেনি। বরং রবিবার সন্ধ্যায় নিউ টাউনের হোটেলে কেক কাটা হয়েছে। দলের মধ্যমনি ছিলেন স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাদ। তিনি দলের ফুটবলারদের সামনে কেক কেটেছেন। পাশেই ছিলেন খেলার নায়ক চেন্নাইয়ের ছেলে নন্দকুমার সেকর। তাঁর ৬০ মিনিটে বিশ্বমানের গোলে সাড়ে চার বছর পরে বড় ম্যাচে জিতল লাল হলুদ দল। তাই এবার আনন্দ আরও বেশি।
দলের বাকি ফুটবলাররা ম্যাচের নায়ক নন্দকুমারকে কেক মাখিয়ে ভূত করে দিয়েছেন। দলের কোচ বলেছেন, এটাই শুরু, দল আরও ভাল খেলবে। ভাল সময়ের পাশে দলের সমর্থকদের খারাপ সময়েও পাশে থাকার কথা বলেছেন নামী এই স্প্যানিশ কোচ। যিনি মনে করেন শনিবার ম্যাচে মোহনবাগানের কোনও ফুটবলার ম্যাচ ফিট ছিল না। তাই দলটা মাঠে থমকে গিয়েছিল।
গতকাল খেলা শেষে দেখা যায় যুবভারতীর ফেন্সিং টপকে মাঠে প্রবেশ করেন লাল হলুদ সমর্থকদের একটা দল। তাঁরা ফুটবলারদের পায়ে হাত দিয়ে প্রণাম করছিলেন। এমনকী কোচকে শ্রদ্ধা জানিয়ে বলেন, স্যার আপনি আমাদের নতুন জীবন দান করলেন। আপনার হাত ধরেই আমরা আবার ঘুরে দাঁড়াব।
তার মধ্যেই এদিন শহরে চলে এলেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ডিফেন্ডার পাবদো লুকাস। তিনি সপরিবারে এসেছেন। সোমবার আবার ইস্টবেঙ্গল কলকাতা লিগে খেলবে পুলিশ এসির বিরুদ্ধে।
বাবরই বিশ্বের সেরা ব্যাটসম্যান, এশিয়া কাপের আগে দরাজ প্রশংসা কোহলির