দ্য ওয়াল ব্যুরো: আটকে যেতে যেতে শেষ মুহূর্তে রুদ্ধশ্বাস জয়। ট্রাউ এফসিকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল। গোলদাতা মার্কোস এসপাদা এবং মার্তি ক্রিসপি। স্প্যানিশ যুগলবন্দিতেই চতুর্থ ম্যাচ জিতে আপাতত লিগ টেবিলের শীর্ষে আলেজান্দ্রো মেনেন্ডেজের দল।
এদিন খেলার শুরু থেকেই আক্রমণ শানাতে থাকে ইস্টবেঙ্গল। সুযোগ বুঝে প্রতি আক্রমণে উঠতে থাকতে ট্রাউ এফসসিও। ১৮ মিনিটের মাথায় প্রথম গোল আসে ইস্টবেঙ্গলের। ডানদিক থেকে সামাদ আলি মল্লিকের ঠিকানা লেখা ক্রস থেকে দুরন্ত স্পট জাম্পে হেড করে লাল-হলুদকে এগিয়ে দেন মার্কোস এসপাদা। ৮ মিনিটের মাথাতেই এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল। সামাদের দুরন্ত ইনস্টেপ ক্রসপিস ছুঁয়ে বেরিয়ে যায়।
কিন্তু বেশিক্ষণ এক গোলের লিড ধরে রাখতে পারেনি আলেজান্দ্রো মেনেন্ডেজের ছেলেরা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ইস্টবেঙ্গল ডিফেন্সের চূড়ান্ত ভুল বোঝাবুঝি থেকে গোল করে যান ট্রাউ এফসির দীপক দেবরানি।
অনেকেই ভেবেছিলেন দ্বিতীয়ার্ধের শুরু থেকে হয়তো অন্য মেজাজে পাওয়া যাবে ইস্টবেঙ্গলকে। কিন্তু খেই হারিয়ে ফেলে বারবার। আক্রমণ শানালেও তা যেন দানাই বাঁধছিল না। বরং ট্রাউয়ের আক্রমণে মাঝে মাঝেই ব্যস্ত হতে হল আসির আখতার, মার্তি ক্রিসপিদের। অ্যাটাকিং থার্ডে হাইমে স্যান্টোস কোলাডোর না থাকা নিয়ে লাল-হলুদ সমর্থকদের চিন্তা ছিলই। সেটাই যেন সত্যি হল। কোলাডোর না থাকা বার বার সামনে এল এদিন। তবে শেষ মুহূর্তে ৮৯ মিনিটের মাথায় গোল করে দলকে জেতান ডিফেন্ডার মার্তি ক্রিসপি। এই ম্যাচ জয়ের ফলে চার ম্যাচে ৮ পয়েন্টে দাঁড়াল ইস্টবেঙ্গল। ডার্বির আগেও স্বাস্তিতে লাল-হলুদ।