
শেষ আপডেট: 26 June 2023 11:21
দ্য ওয়াল ব্যুরো: বিনিয়োগকারী সংস্থা ইমামির সঙ্গে কি দূরত্ব বাড়ছে ইস্টবেঙ্গলের। লিগের ম্যাচ খেলতে নামার আগে সমস্যায় লাল হলুদ শিবির। অর্থ সঙ্কটে বহু ফুটবলারকে সই করাতে পারছেন না কর্তারা। তাঁরা বিনিয়োগকারী সংস্থার আধিকারিকদের কাছে এই নিয়ে টাকা চাইলে তাঁরা কোনও উচ্চবাচ্য করছেন না।
যে কারণে বহু ফুটবলারের সঙ্গে মৌখিক চুক্তি করলেও তাঁদের পেমেন্ট দেওয়া যাচ্ছে না। সেই ফুটবলারের তালিকায় রয়েছেন রহিম আলি। তাঁর ট্রান্সফার ফি-র টাকা পাওয়া যাচ্ছে না বিনিয়োগকারীর থেকে। সেই নিয়েও অভিযোগ জমা রয়েছে। পাশাপাশি কেরালা ব্লাস্টার্সের গোলরক্ষক প্রভূসরণ সিং গিলকে নিতে চায় লাল হলুদ। কিন্তু সমস্যা বলতে সেই অর্থই। কর্তারা এই নিয়ে তদ্বির করলেও সমস্যা মিটছে না।
ইমামির শীর্ষ আধিকারিক দেবব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি। লাল হলুদের এক কর্তা অবশ্য জানালেন, আমরাই এবার প্রথম দলগঠনের বিষয়ে উদ্যোগী হয়েছিলাম। কিন্তু ইমামির থেকে পেমেন্ট ঠিকঠাক না পাওয়ায় আমরা সেই পিছিয়ে পড়ছি গতবারের মতোই। কারণ এখন সব ফুটবলারই ফ্রি-তে রয়েছে। তাই বেশিদিন ফেলে রাখলে তাঁরাও অন্য ক্লাবের সঙ্গে চুক্তি করে নিচ্ছে।
সব থেকে বড় বিষয়, ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা কীভাবে দল সাজাচ্ছে, সেই বিষয়েও জানেন না কর্তারা। যার জন্য সমস্যা হচ্ছে। কোচ কার্লোস কুয়াদ্রাত কবে আসবেন, সেই বিষয়েও জানে না ক্লাব। অনেকেই মনে করছে, লিগের প্রথম ম্যাচে কোনও কারণে দল আটকে গেলে ব্যাপক অশান্তি হবে। ইমামি কর্তারা যদি সেদিন মাঠে থাকেন, ফল অন্যরকম হলে বিক্ষোভ ভালই দানা বাঁধবে।