
শেষ আপডেট: 24 September 2023 18:06
দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে (ISL 2023) সোমবার যুবভারতীতে অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল (East Bengal)। প্রতিপক্ষ জামশেদপুর এফসি (Jamshedpur FC)। গত তিন মরশুম ধরে লাল হলুদের পারফরম্যান্স ভাল নয়। তারা শেষদিকে থাকছে। তাই এবার মেগা আসরে ইস্টবেঙ্গলকে প্রমাণ করার পালা রয়েছে।
গতবার ইস্টবেঙ্গল শেষ করেছিল লিগে তালিকায় নয় নম্বরে। জামশেদপুর শেষ করেছিল দশে। এবার ওই দুটি দলের মধ্যে উদ্বোধনী ম্যাচেই লড়াই। দলের কোচ কার্লোস কুয়াদ্রাত জানিয়ে রেখেছেন, যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ জয় খুবই গুরুত্বপূর্ণ। তাই ছেলেরা জিতেই মাঠ ছাড়তে বদ্ধপরিকর।
রবিবার ঘরের মাঠে সন্ধ্যায় প্রস্তুতি সেরেছে লাল হলুদ দল। শিবিরকে দেখে চাঙ্গা মনে হয়েছে। প্রস্তুতি শেষে মিডিয়ার কাছে আসেন কোচ কুয়াদ্রাত ও অধিনায়ক হরমনজ্যোত সিং খাবরা।

বিপক্ষ দল নিয়ে লাল হলুদের স্প্যানিশ কোচের বক্তব্য, জামশেদপুর সম্পর্কে আমরা বেশি কিছু জানি না। আমি এটা কোনও অজুহাত দিচ্ছি না। এটা কোনও বড় বিষয় নয়। আমরা আমাদের মতো খেলব। প্রথম ম্যাচ জেতা খুব জরুরি। ঘরের মাঠে ছ’টা ম্যাচ খেলে ফেলেছি আমরা। সমর্থকরাও আমাদের পাশে আছেন। জিতেই আমরা মাঠ ছাড়তে চাই।
চোটের কারণে ছিটকে গিয়েছেন ডিফেন্ডার জর্ডন। এশিয়ান গেমসের শিবিরে রয়েছেন লালচুঙঙ্গা। লাল হলুদের হেডস্যার বলছেন, ডুরান্ড কাপে আমরা একটা ছকে খেলেছিলাম। এবার আমাদের কৌশল বদলাতে হবে। মাঝমাঠে শক্তি ফেরাতে হবে, অবশ্যই রক্ষণ জমাট করে গোলের জন্য ঝাঁপাতে হবে।
নন্দকুমার, নাওরেম মহেশদের অধিনায়ক খাবরা ইস্টবেঙ্গলে ফিরে এসেছেন সাতবছর পরে। তিনি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। বলেছেন, আমাকে তো কেউ বলপ্লেয়ার মনেই করত না। সেটি আমি বেঙ্গালুরুতে ও কেরালা ব্লাস্টার্স দলে সেই গুরুত্ব বুঝিয়েছি। আবারও প্রমাণের জন্য মাঠে নামব। কোচ আমাকে বড় দায়িত্ব দিয়েছেন, সেটি পালন করতে আমরা সবাই মুখিয়ে রয়েছি।
ইন্দোরে জিতে সিরিজ ভারতের, শেষবেলায় অদম্য লড়াই অ্যাবট-হ্যাজেলউডের