দ্য ওয়াল ব্যুরো: কলকাতা ময়দানের বিশেষজ্ঞরা মনে করছেন, এবারই এটিকে মোহনবাগানের কাছে সুবর্ণ সুযোগ ইস্টবেঙ্গলকে পাঁচ গোলে হারানোর। কারণ এমন ছন্দহীন লাল হলুদ দল এর আগে দেখা যায়নি। যারা কার্যত জিততেই ভুলে গিয়েছে।
ইতিহাসে ইস্টবেঙ্গলের এমন ঘটনা নেই, যেখানে একটি দল হার কিংবা ড্র-কে অভ্যাসে পরিণত করেছে। চলতি আইএসএলে সেটাই ঘটেছে। ১৩ ম্যাচ পরে তারা একটি ম্যাচ জিতলেও গত ম্যাচে চার গোলে হেরেছে। তাই এটিকে মোহনবাগানের বিপক্ষে শনিবার কী হবে, সেই নিয়ে শঙ্কায় সমর্থকরা।
যদিও আশার কথা একটাই, খোঁচা খাওয়া বাঘের মতো ইস্টবেঙ্গলও ভয়ঙ্কর। তাই ম্যাচের দিন কী হবে কেউ জানে না। হয়তো সেদিনই লাল হলুদের বিস্ফোরণ ঘটল। দলের কোচ থেকে শুরু করে ফুটবলাররাও আশাবাদী ওই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর। তাঁরা এটি জানেন ডার্বি ম্যাচ জিততে পারলে শিবিরের চেহারা বদলে যাবে নিমেষেই।
এর মধ্যেই দলের মাঝমাঠকে মজবুত ও সংঘবদ্ধ করতে স্লোভানিয়ান মিডফিল্ডার আমিরকে সরিয়ে স্প্যানিশ মিডফিল্ডার ফ্রান্সিসকো জোস সোটাকে সই করানো হয়েছে। তিনি ডার্বি ম্যাচে খেলবেন। এমনকি ব্রাজিলিয়ান মার্সেলো খেলবেন সেদিন শুরু থেকেই।
https://twitter.com/sc_eastbengal/status/1485953043728601092
লাল-হলুদে সই করার পর এসসি ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিশ মিডফিল্ডার বলেন, ‘‘এসসি ইস্টবেঙ্গলে সই করার আগেই জেনেছি, এদের জনসমর্থন প্রচুর। সঙ্গে ক্লাবের সুদীর্ঘ ইতিহাস। চেষ্টা করব, আমার অভিজ্ঞতা এবং পারফরম্যান্স দিয়ে দলকে সাহায্য করতে।’’ দলের নতুন বিদেশি ফুটবলার সম্পর্কে কোচ মারিও রিভেরা বলছেন, ‘‘স্পেনের বেশ কিছু ভাল ক্লাবে খেলেছে ফ্রান্সিসকো। ওর অভিজ্ঞতার জন্যই, মিডফিল্ডে আমাদের অতিরিক্তি শক্তি যোগ হল।’’
এদিকে, এটিকে মোহনবাগানের নয়া কোচ জুয়ান ফার্নান্দোর কাছে এটাই অভিষেক ডার্বি হতে চলেছে। তিনি এতদিন গল্প শুনেছেন, এই প্রথন নামবেন ওই ম্যাচে। গোয়ায় ফাঁকা গ্যালারির সামনে অবশ্য দুটি দল খেলবে, তাই সমর্থকদের চাপ থাকবে না। তাও কলকাতা ডার্বি জেতা মানে একজন কোচ হিসেবে নম্বর যোগ করা।
সেই অভিজ্ঞতা থেকেই সবুজ মেরুনের নয়া কোচ আশায় রয়েছেন, তাঁর দলের ফুটবলাররা নিজেদের উজার করে দেবে ওই ম্যাচে। তিনটি ম্যাচ বাতিলের পরে গত ম্যাচে রয় কৃষ্ণদের পারফরম্যান্স মোটের ওপর ভালই ছিল। গোল মিস না করলে সেদিন ম্যাচটি জিতেই মাঠ ছাড়তেন লিস্টন কোলাসোরা।