দ্য ওয়াল ব্যুরো: ভূকম্পের জেরে ভেঙে পড়ল স্কুলের দেওয়াল। দেওয়াল চাপা পড়ে মারা পড়ল ন'বছরের শিশুকন্যা। জাপানের ওসাকা শহরের ঘটনা।
সোমবার সকালে জাপানের ওসাকা শহর কেঁপে ওঠে শক্তিশালী ভূকম্পে। সেই বালিকা ছাড়াও নিহত হয়েছে আরও দু'জন। আহত ১০০-র বেশি। কম্পনে থমকে গিয়েছে ট্রেন। ওসাকা থেকে টোকিও পর্যন্ত বুলেট ট্রেনও বন্ধ রাখা হয়েছে। বন্ধ রয়েছে কারখানাও। ভূকম্পের সময় এক লক্ষ ৭০ হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হয়েছিল। পরে ফের চালু করা হয়েছে।
এদিন সকালে স্থানীয় সময় সাতটা বেজে ৫৮ মিনিটে ভূমিকম্প হয়। তার মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.১। ১৯২৩ সালের পরে ওসাকায় এতো বেশি মাত্রার ভূকম্প আর হয়নি। ভূকম্পের কেন্দ্র ছিল এক দ্বীপের নিচে। তাই সুনামির ভয় নেই।
জাপানের এনএইচকে টিভির ফুটেজে দেখা যাচ্ছে, ভূকম্পে মাটির নীচে জলের পাইপ ফেটে গিয়েছে। ট্রেন থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে লাইনের ওপরে। বাচ্চাদের বার করে আনা হয়েছে স্কুলের বাইরে।
আবহবিদরা সতর্ক করেছেন, ভূকম্পের আফটারশক হতে পারে।