
শেষ আপডেট: 28 February 2023 12:35
দ্য ওয়াল ব্যুরো: রাস্তা দিয়ে যাচ্ছিল জগন্নাথ যাত্রা। গানবাজনার সঙ্গে বাজিও পোড়ানো হচ্ছিল। সেখান থেকেই একটি জ্বলন্ত বাজি উড়ে গিয়ে পড়ে বাজি-ভর্তি একটি ই-রিকশায়। চোখের পলক ফেলার আগেই বিস্ফোরণ ঘটে (E-Rickshaw Blows Up)! শোভাযাত্রার আনন্দ মুহূর্তে বদলে যায় বিষাদে। প্রবল আলো এবং আওয়াজে ফাটতে শুরু করে রিকশায় থাকা একের পর এক বাজি। মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন আরও একজন।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার (Greater Noida) দাদরি এলাকায় গত সোমবার। বিস্ফোরণের ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, ব্যস্ত বাজার এলাকায় একটি ই-রিকশা দাঁড়িয়ে ছিল। আশেপাশে দোকান রয়েছে, কয়েকজন দাঁড়িয়ে ছিলেন রাস্তায়। কয়েক সেকেন্ড পরেই হঠাৎ চোখ ধাঁধানো আলোর সঙ্গে প্রবল বিস্ফোরণ হতে দেখা যায় রিকশাতে (crackers brust)। কিছু বুঝে ওঠার আগেই রিকশা থেকে ছিটকে এদিক ওদিক পড়তে শুরু করে বাজিগুলি। লোকজনকে প্রাণভয়ে ছুটে পালাতে দেখা যায়।
ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। বেশ কয়েক সেকেন্ড ধরে বিস্ফোরণের পর অবশেষে সব শান্ত হয়। তখনও দাউদাউ করে জ্বলছিল রিকশাটি। আস্তে আস্তে ভিড় জমতে শুরু করে, লোকজনকে দেখা যায় জল এবং অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করতে।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন শোভাযাত্রা থেকে কোনওভাবে একটি জ্বলন্ত বাজি উড়ে এসে পড়ে বাজিভর্তি রিকশাটিতে। তারপরেই এক এক করে রিকশায় থাকা বাজিগুলি ফাটতে শুরু করে। রিকশার চালক পাপ্পু এবং সলমন নামে দুই যুবক ঘটনায় গুরুতর আহত হন। দুজনকেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন মঙ্গলবার মৃত্যু হয় সলমনের।
একটি মামলা রুজু করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
জ্ঞানেশ্বরী কাণ্ডে ১২ অভিযুক্তকে জামিন দিল হাইকোর্ট, ১৩ বছর ধরে তদন্ত করছে সিবিআই