
শেষ আপডেট: 7 January 2024 13:06
দ্য ওয়াল ব্যুরো: ২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছিল সিপিএম। সেই আহ্বানে সাড়া দিয়ে কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছিলেন গড়ের মাঠে। লাল পতাকার কর্মী সমর্থকদের ভিড় দেখে বিধানসভায় ভাল ফল করা নিয়ে বেশ আশাবাদী হয়ে পড়েছিলেন বাম কর্মী সমর্থকরা। তবে আশ্চর্যজনকভাবে, ভোটে সেই ভিড়ের প্রতিফলন দেখা যায়নি। ২০০৮ সালের পর, ১৬ বছরের ব্যবধানে রবিবার ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। আগের ব্রিগেডের পর বিধানসভা নির্বাচনের ফলাফলের কথা তুলে ধরে এদিনের ব্রিগেডকে চূড়ান্ত কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
ডিওয়াইএফআইয়ের ডাকে ৫০ দিনের ইনসাফ যাত্রা শেষ হয়েছে গত ২২ ডিসেম্বর। সেই যাত্রা গিয়েছিল রাজ্যের একাধিক জেলার উপর দিয়ে। তাতে অভূতপূর্ব সাড়া মিলেছে, যা নিয়ে আশাবাদী বাম নেতৃত্ব। আজ ইনসাফ সমাবেশে যাওয়ার জন্য জেলাগুলি থেকে কার্যত মানুষের ঢল নেমেছে রাস্তায়। উত্তরবঙ্গ থেকে কর্মী সমর্থকরা চলে এসেছিলেন শনিবারই। রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে বাস এবং ট্রেনে করে হাজারে হাজারে নেতা, কর্মী, সমর্থক এসে নেমেছেন হাওড়া এবং শিয়ালদহে। শহরে সাতটি জায়গা থেকে মিছিল গিয়ে পৌঁছেছে 'নীতিহীনতার বিরুদ্ধে লড়াই'য়ের ইনসাফ সমাবেশে।
কিন্তু ব্রিগেডের এই বিপুল জনসমাগমের প্রভাব কি আদৌ পড়বে লোকসভা ভোটে? তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের মুখে আবারও উঠে এসেছে রাম বাম ঐক্যের দাবি। তাঁর কথায়, "বিজেপিকে ভোট দিচ্ছে সিপিএম। ২১ সালেও তো ব্রিগেড করেছিল। তারপরেও বিধানসভায় শূন্য পেয়েছে।"
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভায় সিপিএম একা লড়েনি। নতুন তৈরি হওয়া দল আইএসএফ এবং কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে সংযুক্ত মোর্চা নাম দিয়ে লড়েছিল। কিন্তু তাতে ভোট বাড়া তো দূর, কার্যত শূন্য হয়ে যায় বামেরা। জোটের হয়ে একটি মাত্র আসন পেয়েছিল আইএসএফ। রাজনৈতিক মহলের অনেকেই বলে থাকেন, লাল ঝান্ডার যে সমস্ত কর্মী সমর্থকরা চাননি সিপিএম কংগ্রেস এবং আইএসএফের সঙ্গে হাত মেলাক, তাঁরা সেই রাগেই ঢালাও ভোট দিয়েছিলেন বিজেপিকে।
এদিন সেই প্রসঙ্গ তুলেই খোঁটা দিয়েছেন কুণাল। তাঁর দাবি, "ব্রিগেড নিয়ে সিপিএম যেন মাতামাতি না করে। কজন যাচ্ছেন সেটা বড় কথা নয়। ব্রিগেডে গেলেও কমরেডরা ওই পার্টি কে ভোট দিচ্ছেন না এটা প্রমাণিত। কিছু কমরেড বিজেপিকে ভোট দেয়।" ব্রিগেডের ভিড় দেখে উচ্ছ্বসিত না হয়ে সিপিএম আগে নিজস্ব ভোট ফেরাক, দাবি তাঁর।
ব্রিগেড নিয়ে সিপিএম যেন মাতামাতি না করে।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) January 7, 2024
ক'জন যাচ্ছেন, সেটা বড় কথা নয়। ব্রিগেডে গেলেও কমরেডরা ওই পার্টিকে ভোট দিচ্ছেন না, এটা প্রমাণিত। কিছু কমরেড বিজেপিকে ভোট দেয়। এর আগেও সিপিএমের ব্রিগেডে দেখা গিয়েছে কিছু লোক, অথচ ভোট কম, আসন শূন্য। সেই ভোট বিজেপিতে গিয়েছে।
সিপিএম আগে…