
শেষ আপডেট: 6 January 2024 15:42
দ্য ওয়াল ব্যুরো: দুয়ারে কড়া নাড়ছে লোকসভা ভোট। এমন আবহে ১৬ বছর পর ফের ব্রিগেডে সমাবেশ করছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। সর্বভা্রতীয়স্তরে বিজেপিকে ঠেকাতে ইন্ডিয়া জোট তৈরি হলেও বাংলায় তৃণমূল, কংগ্রেস এবং সিপিএমের মধ্যে জোটের সম্ভবনা প্রায় নেই বললেই চলে। রবিবারের ব্রিগেড থেকে আলিমুদ্দিনের ম্যানেজাররা কী বার্তা সামেন আনেন, সেদিকে নজর রাখছে রাজনৈতিক মহল।
তবে এবারের ব্রিগেডে সবচেয়ে বেশি আলোচনা যাঁকে নিয়ে, বামফ্রন্টর চেয়ারম্যান বিমান বসুর ভাষায় তিনি কমরেডদের ‘ক্যাপ্টেন’! রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কথায়, ‘ভবিষ্যতের সম্ভাবনা’।
তিনি বর্ধমানের কুলটির মেয়ে মীনাক্ষী মুখোপাধ্যায়। এবারের ব্রিগেডে বামেদের অন্যতম প্রধান মুখ। ইনসাফ যাত্রা থেকে পার্টি ফান্ডে কত টাকা এসেছে, তার বিস্তারিত হিসেব ব্রিগেডের সভা থেকে দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মীনাক্ষী। একই সঙ্গে লোকসভার আগে দলের ছাত্র যুবদের উজ্জীবিত করতে নিজের গ্রাম্য মেঠো গলায় তিনি কী বার্তা দেন, সেদিকেও নজর রাখছে রাজনৈতিক মহল।
ইতিমধ্যে ব্রিগেড সমাবেশকে সফল করতে জেলাগুলি থেকে কলকাতা রওনার প্রস্তুতি শুরু হয়েছে। কত লোক হবে? সরাসরি সংখ্যার হিসেব দিতে চাইছেন না বাম নেতারা। ৩৪ বছরের ক্ষমতা থেকে যাওয়ার পর এক লহমায় ধসে গিয়েছিল সংগঠন। তবে এক দশকের ব্যবধানে ঝিমিয়ে যাওয়া সংগঠন আবারও চাঙ্গা হচ্ছে বলে মনে করছেন নেতৃত্ব। উত্তর থেকে দক্ষিণ, ইনসাফ যাত্রার পর নতুন উৎদম দেখা যাচ্ছে দলের একাংশের মধ্যে।
দলের প্রথমসারির এক নেতার কথায়, “ব্রিগেডে ভাল সংখ্যক মানুষের উপস্থিতির আশা করছি আমরা। তবে ২০০৮ সালের চেয়ে এবারের ব্রিগেড অনেক বেশি চ্যালেঞ্জের।”
কুলটির চলবোলপুর সিপিএম শাখা অফিসে নাওয়া খাওয়ার সময় নেই পার্টি কর্মী মনোজ মুখোপাধ্যায়ের। মিনাক্ষীর বাবা। এলাকা থেকে ব্রিগেডে কতজন যাবেন, তাঁদের ব্যাজ থেকে টিফিন, সব কিছু ঠিক আছে কিনা শেষ মুহূর্তে দেখে নি্চ্ছেন তিনি। আদরের মেয়ে বুলটির মেঠো ভাষণ শুনতে রবিবাবের ব্রিগেডে হাজির থাকবেন তিনিও।
তবে ক্যাপ্টেন শব্দে ঘোর আপত্তি মীনাক্ষীর। ব্রিগেড জুড়ে তাঁর কাটআউট নিয়েও আপত্তি রয়েছে বর্ধমানের মেয়ের। বললেন, “আমি তো ক্যাপ্টেন নই। আমাদের ক্যাপ্টেন আমাদের গঠনতন্ত্র, আমাদের আদর্শ, আমাদের নীতি।”