দ্য ওয়াল ব্যুরো: অমৃতসর ট্রেন দুর্ঘটনার পরই বেপাত্তা ছিলেন দশেরা অনুষ্ঠানের মূল আয়োজক সৌরভ মদন মিঠু। তার পালানোর ফুটেজও প্রকাশ্যে আসে। সেই ফুটেজ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই নিজেকে নির্দোষ প্রমাণে তৎপর হলেন মিঠু। ভিডিও মেসেজে দাবি করলেন, গোটা ঘটনায় তিনি নির্দোষ। বার বার রেল লাইন থেকে দর্শনার্থীদের সরে যেতে বলেন তিনি। রেললাইনের উপর দশেরার অনুষ্ঠান হচ্ছিল না। লাইনের থেকে অনেকটা দূরে বড়সড় মাঠে চলছিল অনুষ্ঠান। তাও সাবধান করেই জমায়েত প্রত্যেককে লাইন থেকে সরে যেতে বলেন মিঠু বলে দাবি। তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলেও জানান তিনি।
https://twitter.com/ANI/status/1054310743405936641
অমৃতসরের জোড়া ফটক এলাকায় দশেরা উৎসবের মূল আয়োজক ছিলেন সৌরভ মদন মিঠু। সূত্রের খবর, ওই এলাকার স্থানীয় কাউন্সিলরের ছেলে তিনি। জোড়া ফটক এলাকায় তাঁর ভালোরকমের প্রতিপত্তি।ভয়ানক ট্রেন দুর্ঘটনার পরই পালিয়ে যান মিঠু। পুলিশ জানিয়েছে, এখনও পলাতক তিনি।
জোড়া ফটক এলাকায় রেললাইনের পাশেই দশেরার দিন আয়োজিত হয়েছিল রাবণ দহনের অনুষ্ঠান। রামলীলা এবং রাবণ দহন দেখতে জড়ো হয়েছিলেন অসংখ্য মানুষ। অনুষ্ঠান শুরুও হয়েছিল জমাটি ভাবেই। কিন্তু তারপরেই ঘটে দুর্ঘটনা। অনুষ্ঠান চলাকালীনই জলজ্যান্ত মানুষগুলোর উপর দিয়ে চলে গিয়েছে দ্রুত গতির ট্রেন। মৃত্যু হয়েছে অন্তত ৬১ জনের। আহত কমপক্ষে ৫০ জন।
এই ঘটনার পর থেকেই উত্তপ্ত অমৃতসরের জোড়া ফটক এলাকা। রবিবার সকাল থেকে দফায় দফায় পুলিশ-জনতা সংঘর্ষ হয় এলাকায়। স্থানীয় জনতা চিহ্নিত করে ফেলে দশেরা উৎসবের মূল উদ্যোক্তা সৌরভ মদনের বাড়ি। রবিবার সেখানেও চলে হামলা। উত্তেজিত জনতা ব্যাপক ভাবে ভাঙচুর করে সৌরভের বাড়ি। ভেঙে দেওয়া হয় জানলার কাঁচ। পুলিশ আটকাতে গেলে তাদের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়ে উন্মত্ত জনতা।