
শেষ আপডেট: 30 October 2023 00:23
দ্য ওয়াল ব্যুরো: পুজোয় সকলে সমস্ত চিন্তা ভাবনা দূরে সরিয়ে রেখে মনের আনন্দে ঠাকুর দেখেন, আনন্দে সময় কাটান পরিবারের সঙ্গে। তবে অন্যান্য সকলে পুজোয় আনন্দ করলেও শান্তি মেলেনি দুর্গাপুরের বর্ষীয়ান ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী স্বপন চৌধুরীর। অন্যান্য সকলে যখন ঠাকুর দেখে বেড়াচ্ছেন পরিবারের সঙ্গে সেই সময়ে সুদখোরের পাল্লায় পড়ে রাতের ঘুম উড়েছিল তাঁর।
জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে এলাকার পরিচিত মুখ রাহুল সিং ওরফে আপ্পুর থেকে ৫০০০০ টাকা চড়া সুদে ধার নিয়েছিলেন স্বপন বাবু। তাঁর দাবি, এরপর সেই ধার ৯ মাস ধরে সুদ দিয়ে শোধও করে দিয়েছিলেন। অভিযোগ, তারপরেও বারবার রাস্তাঘাটে স্বপন বাবুকে হেনস্থা করছিল আপ্পু। এলাকায় তৃণমূলের ঘনিষ্ঠ বলে পরিচিত আপ্পু।
স্বপন বাবুর অভিযোগ অনুযায়ী, সপ্তমীর দিন স্বপনবাবুর বাড়িতে আচমকাই দলবল নিয়ে চড়াও হয় আপ্পু। ৫০০০ টাকা দাবি করে বসে। সেই সময়ে কোনওক্রমে ২০০০ টাকা দিয়ে নিস্তার পান স্বপন চৌধুরী এবং তাঁর পরিবার। এরপরই ২৬ তারিখে ফের বাড়িতে হামলা করে আপ্পু এবং তাঁর দলবল। বেধড়ক মারধর করা হয় স্বপন চৌধুরীকে।
ঘটনায় আতঙ্কিত স্বপন চৌধুরী থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগ পাওয়ার পরেও রাহুল সিংকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ। এই ঘটনায় লাঞ্ছিত পরিবারের পাশে আছেন বলে আশ্বাস দেন পশ্চিম বর্ধমান জেলা সভাপতি উত্তম মুখোপাধ্যায়। তবে এমন ঘটনার পরেও কীভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছে রাহুল সেই প্রশ্ন তুলে শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধী দলগুলি।