
শেষ আপডেট: 15 February 2024 18:47
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বৃদ্ধা। দেহ নিতে গিয়েছিল পরিবার। তখনই ঘটল অঘটন। সাদা কাপড়ে মুড়িয়ে বৃদ্ধার দেহ দিয়ে দেওয়া হল অন্য এক মৃত ব্যক্তির আত্মীয়দের! মৃতদেহ বদলে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। ঘটনা সামনে আসতেই বৃহস্পতিবার হইচই পড়ে যায় কোকওভেন থানা এলাকায়।
দিন দুয়েক আগে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা কনক মজুমদার বাড়িতে পড়ে গিয়ে জখম হন। তড়িঘড়ি তাঁকে নিয়ে আসা হয় বিধাননগর ফাঁড়ির পাশে একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তিনি ভর্তি ছিলেন। বৃহস্পতিবার ভোরে আত্মীয়রা খবর পান কনকদেবী মারা গেছেন।
এদিকে দিন দুয়েক আগে ওই হাসপাতালেই ভর্তি হয়েছিলেন বেনাচিতির বাসিন্দা নৃপেন্দ্রনাথ শ্যাম। বুধবার নৃপেন্দ্রবাবু মারা যান। তাঁর আত্মীয়রাও দেহ নিতে এসেছিলেন হাসপাতালের মর্গে।
দেহ বাড়ি নিয়ে যাওয়ার পরেই পুরো গোলমাল ধরা পড়ে। নৃপেনবাবুর পরিবারের সদস্যরা বুঝতে পারেন মর্গ থেকে তাঁদের ভুল মৃতদেহ দিয়ে দেওয়া হয়েছে। অ্যাম্বুল্যান্সে করে দেহ নিয়ে হাসপাতালে ফেরেন তাঁরা। ততক্ষণে দেহ নিয়ে হাসপাতালের বাইরে বসেছিলেন কনকদেবীর পরিবার। মর্গের সামনে নৃপেনবাবুর পরিবারকে হইচই করতে দেখে তাঁরাও কৌতূলহবশত এগিয়ে যান। দেখেন, নৃপেনবাবুর পরিবারকে যে মৃতদেহ দেওয়া হয়েছিল, তা কনকদেবীর। তার পরে দুই পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন। যাঁদের গাফিলতিতে এমন ঘটনা ঘটল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করতে থাকেন।
মৃতদেহ অদলবদল নিয়ে মর্গের সামনে শোরগোল দেখে দ্রুত পদক্ষেপ নেই কর্তৃপক্ষ। হাসপাতালে সুপার তাঁদের ভুল স্বীকার করে নিয়ে বলেন, "রোগীর পরিবারকে দেখিয়ে হাসপাতালের মর্গ থেকে দেহ ছাড়া হয়। এক্ষেত্রে নিশ্চয়ই কোনও গাফিলতি হয়েছে। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার দিকে বাড়তি নজর রাখবে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এদিনের ঘটনায় যারা অভিযুক্ত তাদের সাসপেন্ড করা হয়েছে।"