
শেষ আপডেট: 13 January 2024 15:54
দ্য ওয়াল ব্যুরো: চেক বাউন্স ও প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগে এক জ্যোতিষীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি দুর্গাপুর থানা এলাকার।
পুলিশ জানিয়েছে, ধৃত জ্যোতিষীর নাম প্রসাদ রায়। দুর্গাপুরের সেপকো এলাকার বাসিন্দা। পুরুলিয়ার আদ্রার রত্ন ব্যবসায়ী মির্জা আলির অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত জ্যোতিষীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশকে জানানো অভিযোগে ওই ব্যবসায়ী জানিয়েছেন, কলকাতা থেকে রত্ন পাথর এনে তিনি ব্যবসা করেন। গত প্রায় ৫/৬ বছর ধরে অভিযুক্ত জ্যোতিষী তাঁর কাছ থেকে রত্ন -পাথর কিনতেন।
পুলিশকে লিখিত অভিযোগে মির্জা আলি জানান, লেনদেন বাবদ জ্যোতিষীর কাছ থেকে তাঁর প্রাপ্য বকেয়া অর্থের পরিমাণ প্রায় ৪৯ লক্ষ ৪০ হাজার টাকা। নানান টালবাহানায় সেই টাকা দীর্ঘদিন ধরেই দিচ্ছিলেন না প্রসাদ রায়। এমনকি ব্যবসায়ীকে দেওয়া বেশ কয়েকটি চেক ও বাউন্স করে বলে অভিযোগ। এর আগেও ওই জ্যোতিষীর বিরূদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ উঠেছিল।
একবার পুলিশি মধ্যস্থতায় জ্যোতিষীর কাছ থেকে কিছু টাকা উদ্ধার করতে পেরেছিলেন বলে মির্জা আলি জানান। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া টাকা পাননি। উল্টে সম্প্রতি জ্যোতিষীর দেওয়া একটি চেক বাউন্স করে। এরপরই জ্যোতিষীর বিরুদ্ধে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করে। আদালত থেকে অবশ্য জামিন পেয়ে যান জ্যোতিষী। এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি ওই জ্যোতিষী।