
দুর্গাপুর মহকুমা হাসপাতাল
শেষ আপডেট: 21 November 2024 16:47
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে নিখোঁজ রোগী। নিরাপত্তায় গাফিলতির অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।
চলতি মাসের ১৭ তারিখ নেপাল থেকে দুর্গাপুরের রঘুনাথপুরে দিদির বাড়িতে আসেন শের ওম বাহাদুর নামের বছর চল্লিশের যুবক। অসুস্থ থাকায় ১৮ তারিখ দুর্গাপুর মহকুমা হাসপাতলে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। হাসপাতালে তাঁরই সঙ্গে ছিলেন জামাইবাবু রাম শ্রেষ্ঠা।
১৯ তারিখ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা ছিল বাহাদুরকে। বেলা দশটার সময় জামাইবাবু হাসপাতাল থেকে একবার বাইরে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন শ্যালক বেডে নেই। গোটা হাসপাতাল খোঁজাখুঁজি শুরু করেন তিনি। কোনও খোঁজ না পেয়ে চিকিৎসকদের কাছে জানতে চান কোথায় গেল শের ওম বাহাদুর। সিসি ক্যামেরার ফুটেজও দেখতে চান।
এরপরই দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। হাসপাতালে বাড়তি নজরদারি চালান নিরাপত্তা রক্ষীরা। সিসি ক্যামেরায় নজরদারিও চলে। তারপরেও এই ধরনের ঘটনা ঘিরে উঠছে প্রশ্ন।
রোগীর দিদি মায়া শ্রেষ্ঠা অভিযোগ করেন, 'আমার ভাইকে হাসপাতালে ভর্তি করেছিলাম চিকিৎসার জন্য। কিন্তু এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় আমরা বড়ই চিন্তিত। হাসপাতালে সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চেয়েছি। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন সিসি ক্যামেরা খারাপ। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। কিন্তু কোথায় গেল আমার ভাই সেই নিয়ে ভেবে কুল পাচ্ছি না।
পরিবারের অভিযোগ, হাসপাতালে নিরাপত্তার গাফিলতির জন্যই এই ঘটনা ঘটেছে। দাবি, দ্রুত ভাইকে খোঁজার ব্যবস্থা করুক হাসপাতাল কর্তৃপক্ষ আর প্রশাসন।
দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ঘটনার কথা স্বীকার করে বলেন, '১৯ তারিখ রোগীকে ছুটি দেওয়ার কথা ছিল। কিন্তু সেই রোগী হাসপাতাল থেকে বেরিয়ে চলে গেছে। আমরাও পুলিশকে জানিয়েছি। পুলিশ তদন্ত করছে।'