
শেষ আপডেট: 16 October 2023 17:57
দ্য ওয়াল ব্যুরো: অনুমতি না থাকলে কী করে পুজো হচ্ছে? পুলিশ কেন বন্ধ করছে না? সম্প্রতি অনুমতিহীন পুজো নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল ডিভিশন বেঞ্চ । সোমবার এবিষয়েই ফের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিল সিঙ্গল বেঞ্চ।
বিচারপতি জয় সেনগুপ্তর পর্যবেক্ষণ, যারা বেআইনি পুজো করছে পুলিশ যদি তাদের বন্ধ করতে না পারে তাহলে নতুন আবেদনে অনুমতি দিতে হবে। এটা চলতে পারে না। জেনে শুনে বেআইনি পুজো চলতে দেওয়ার প্রবণতা মেনে নেওয়া যাবে না।
এ বিষয়ে রাজ্যকে লিখিত আকারে তাঁদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। সূত্রের খবর, এ বিষয়ে আগামীকালই চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করতে পারে আদালত।
ঘটনার সূত্রপাত, সিআইটি রোডে রামলীলা ময়দানে দুর্গা পুজো করতে চেয়ে পুলিশের কাছে অনুমতি না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল হিন্দু সেবা দল।
এদিন পুলিশের তরফে আদালতে যুক্তি দেওয়া হয়, প্রায় শ’খানেক আবেদন পড়ে আছে। তাই এই পুজোর অনুমতি দেওয়া হলে অন্যদের অধিকার থেকে বঞ্চিত করা হবে। তাছাড়া সিআইটি রোড জনবহুল, পুজোর অনুমতি দিলে যানজট সমস্যা বাড়বে।
বিচারপতি বলেন, ‘এটা একটা সিরিয়াস ইস্যু। আজ একজন এসেছেন, কাল আরো দুজন আসবেন।’ আবেদনকারীদের আইনজীবী আদালতে দাবি করেন, ‘ওই থানা এলাকায় একাধিক পুজো অনুমতি ছাড়া হচ্ছে। আমাদেরও অনুমতি ছাড়া পুজো করতে পুলিশ উৎসাহ দিচ্ছে।’ এরপরই বিচারপতি জানিয়ে দেন, এটা কোনও মতে হতে পারে না। অনুমতি ছাড়া পুজোর বিরুদ্ধে বাবস্থা নিতে হবে।
প্রসঙ্গত, এর আগে ১০ অক্টোবর বেআইনি পুজো সংক্রান্ত মামলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চ।