
শেষ আপডেট: 24 October 2023 16:07
দ্য ওয়াল ব্যুরো: বিদেশের মাটিতে দেবীবন্দনা। তবে দেশের বাড়ির নিয়ম মেনে। মেলবোর্নের চ্যাটার্জি বাড়িতে কড়া নিয়মের অনুশাসনে পূজিতা হন দেবীদুর্গা।
ডাক্তার জগন্নাথ চ্যাটার্জি বাংলাদেশের বাসিন্দা হলেও প্রায় ৪০ বছর ধরে থাকেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে। সেখানকার বাড়িতেই ফি বছর নিয়ম করে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। রীতিমতো জাঁকজমকের সেই পুজোয় উপস্থিত থাকেন শহরের বাঙালিদের সিংহভাগ। নিজেই পুজো করেন ডাক্তার জগন্নাথ চ্যাটার্জি। দেশের বাড়ির নিয়ম মেনে একেবারে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলে পুজো। প্রথা মেনে করা হয় কুমারী পুজোও।
আর পুজোর চারদিন চ্যাটার্জি পরিবারের পরিচিতরা সকাল সকাল চলে আসেন পুজো দেখতে। দিনভর চলে হৈ-হুল্লোড়। একেবারে রাতে খাওয়া সেরে যে যার বাড়ি ফিরে যান। গৃহকর্ত্রী সন্ধ্যা চ্যাটার্জি জানালেন, ৩৭ বছর আগে তিনি বিয়ের পর বাংলাদেশ ছেড়ে মেলবোর্ন চলে এসেছিলেন। কিন্তু নিজেদের সংস্কৃতিকে ভুলে যাননি। আগামী প্রজন্ম যাতে বাঙালিদের নিজস্বতা মনে রাখে তাই ভেবেই পুজোর আয়োজন।
চ্যাটার্জি পরিবারের মেয়ে শুভেচ্ছা বলেন, ‘‘এই দেশের জীবনযাত্রা যুব ফাস্ট। কিন্তু তার মধ্যেও আমরা অপেক্ষা করে থাকি কবে নতুন পঞ্জিকা বের হবে। নতুন পঞ্জিকা বের হলেই আমরা পুজোর দিনক্ষণ দেখে নিয়ে সেই অনুযায়ী অফিস ছুটির আবেদন করি। এরপর ছুটি অনুযায়ীই পুজোর কেনাকাটা করে থাকি। তারপর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজোয় মেতে ওঠার পালা।’’
তমরূপা দাশগুপ্ত, সোমালী ভট্টাচার্য, শ্যামশ্রী বসু, রীমা চ্যাটার্জীরা জানালেন, তারা বিদেশে থাকেন ঠিকই। কিন্তু পুজোর কটা দিন তারা প্রত্যেকে বাড়ির মতো আনন্দ করেন। এই ক’দিন তাদের বাড়িতে আর রান্নাবান্না হয় না। সকাল থেকে রাত পর্যন্ত সব চ্যাটার্জি বাড়িতে হৈ-হুল্লোড় করে পাত পেড়ে খাওয়া দাওয়া করেন।