
শেষ আপডেট: 26 September 2022 13:43
দ্য ওয়াল ব্যুরো: পুজোয় দেড় দশক আগের দোতলা বাস ফিরছে কলকাতায়। তবে নতুন চেহারায়। বহু মানুষ আছেন যাদের পুজোর প্যান্ডেলের ভিড় না–পসন্দ। বরং তাঁরা ঘুরতে পছন্দ করেন। তাঁদের জন্য দারুণ ব্যবস্থা করল পর্যটন দফতর। পুজোয় (Durga Puja 2022) বেরোনোও হবে, ঘোরাও হবে একসময়ে শহর থেকে উঠে যাওয়া ডবল ডেকার বাসে। টিকিট মাত্র ৫০ টাকা!
রাজ্য পর্যটন দপ্তরের তরফে নীল–সাদা বিলাসবহুল দোতলা বাসে (Double Decker Bus) ওই বিশেষ ভ্রমণ প্যাকেজের ব্যবস্থা করা হচ্ছে। কাল, মঙ্গলবার থেকেই পরিষেবা শুরু হওয়ার কথা। উদ্বোধন করার কথা পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়র।
বিশেষ এই বাসে উঠে ওপরে তাকালে আকাশ দেখা যাবে। মোট ১২ টি আসন থাকবে। যতগুলি আসন, সেই সংখ্যকই যাত্রী নেওয়া হবে। দু’টি বাস সকাল ১১ টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ঘুরবে কলকাতার বিভিন্ন রাস্তায়। যাত্রা শুরু হবে রবীন্দ্রসদনের কাছে ক্যাথিড্রাল রোড থেকে। তারপর ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্রিন্সেপ ঘাট, সেন্ট জনস চার্চ, ডেকার্স লেন, সিআর অ্যাভিনিউ হয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গেটে এসে শেষ হবে যাত্রা।
পুজোর সময় পর্যটকদের শহরের ঐতিহ্যবাহী স্থানগুলি ঘুরিয়ে দেখাতে গতবছরও চালু হয়েছিল এই পরিষেবা। এবছরও চলবে। যাত্রীদের পছন্দ অনুযায়ী যাত্রাপথের পরিমার্জনও হতে পারে। প্রতিদিন দু’টি করে বাস চলবে।
নেতাজির পুজো এবার ৯৭ বছরে, কলকাতার প্রথম বারোয়ারি, দাবি সিমলা ব্যায়াম সমিতির