শেষ আপডেট: 13 January 2020 05:20
পাঁসির জন্য যে দড়িগুলি ব্যবহার করা হবে সেগুলি রবিবার পরীক্ষা করা হয়েছে তিহাড় জেলে। প্রত্যেক অপরাধীর যা ওজন, বস্তায় সেই ওজনের পাথর প্রভৃতি পুরে সেই দড়িগুলি পরীক্ষা করে দেখেন জেল কর্তৃপক্ষ। তিহাড়ের জেল ৩-এ এই পরীক্ষাটি করা হয়। এটিই এশিয়া মহাদেশের সবচেয়ে বড় জেল। জেল ৩-এই সংসদে হামলায় অপরাধী আফজল গুরুকে ফাঁসি দেওয়া হয়েছিল ২০১৩ সালে।
ভারতে আগে কখনও চারজনকে একসঙ্গে ফাঁসি দেওয়া হয়নি।
উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে মেরঠ জেল থেকে পবন জল্লাদকে পাঠানো হবে ফাঁসির সাজা কার্যকর করার জন্য। বরিষ্ঠ আধিকারিকদের উদ্ধৃত করে একথা জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।
অপরাধীরা যাতে মানসিক ভাবে সুস্থ থাকে সে জন্য প্রতিদিনই তাদের সঙ্গে কথা বলছে জেল কর্তৃপক্ষ।
আগামীকাল দুই অপরাধীর শাস্তি পুনর্বিবেচনা সংক্রান্ত কিউরেটিভ পিটিশনের শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। গত সপ্তাহেই তাদের মৃত্যু দণ্ডের আদেশ বিবেচনা করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে দণ্ডপ্রাপ্ত দুই আসামী বিনয় শর্মা ও মুকেশ।