
শেষ আপডেট: 19 April 2024 14:04
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে তীব্র তাপদাহ। রেহাই নেই কলকাতারও। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার দুপুর ১টায় কলকাতার সম্ভাব্য তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস! গরমের ঠেলায় গতবারের মতো এবারও আইনজীবীদের পোশাক বদলের সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট।
স্বভাবতই আদালতের সিদ্ধান্তে খুশি আইনজীবীরা। তাঁদের কথায়, এই গরমে গায়ে সাধারণ জামা রাখাও দুঃসাধ্য হয়ে যাচ্ছে, সেখানে ওই মোটা কালো সিল্কের কাপড়ের গাউন পরে এক এজলাস থেকে অন্য এজলাস দৌড়ে বেড়ানো যে কী কষ্টকর, তা যাঁরা এই পোশাক পরেন, তাঁরাই জানেন।
এজলাসের মধ্যে এই গরমে মোটা কালো গাউন পরাটাকে যথেষ্ট অস্বস্তির বলেই মনে করেন আইনজীবীরা। কিন্তু নিয়ম মেনে সেটা পরতে হয়। শারাীরিক কষ্টের কথা বিবেচনা করে গরমের জন্য ওই পোশাক বিধিতে বদল আনার জন্য গতবারের মতো এবারও আইনজীবীরা প্রধান বিচারপতির কাছে আর্জি জানিয়েছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, আইনজীবীদের ওই আবেদন মঞ্জুর করেছেন প্রধান বিচারপতি।
শুক্রবার এক বিবৃতিতে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, তীব্র গরমের কারণে আপাতত আইনজীবীদের কালো গাউন পরতে হবে না। আগামী জুন পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। স্বভাবতই খুশি আইনজীবী মহল।