
শেষ আপডেট: 6 December 2023 11:12
দ্য ওয়াল ব্যুরো: বড় দুর্ঘটনা থেকে বাঁচল পড়ুয়ারা। সকালে বাচ্চাদের স্কুলে নিয়ে যেত পুলকার। স্কুল শেষে ফিরিয়েও আনত। অভিযোগ, প্রায়ই মদ খেয়ে পুলকার চালাত চালক। বুধবার সকালেও আকণ্ঠ মদ্যপান করে পুলকার চালাচ্ছিল সে। বেসামাল গাড়ি অল্পের জন্য দুর্ঘটনা থেকে বাঁচে। অভিভাবকদের অভিযোগ পেয়েই পুলকার চালককে গ্রেফতার করে পুলিশ।
এদিন সকালে দুর্গাপুরের ফুলজোর এলাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, একটি বেসরকারি স্কুলের পড়ুয়াদের নিয়ে যেত ওই পুলকার। বেশিরভাগ সময়েই মদ্যপ অবস্থায় থাকত চালক। এর আগেও নাকি বহুবার অভিযোগ করা হয়েছে তার নামে। তবে এদিনের ঘটনা ভয় ধরিয়ে দেয় অভিভাবকদের।
সূত্রের খবর, এদিনও মদ খেয়ে পুলকার চালাচ্ছিল ওই চালক। খবর পেয়েই তৎপর হয় পুলকার অ্যাসোসিয়েশন। ট্রাফিক পুলিশ এসে চালককে পরীক্ষা করে। ট্রাফিক সার্জনরাই খবর দেয় দুর্গাপুর নিউ টাউনশিপ থানায়। পুলিশ এসে চালককে গ্রেফতার করে নিয়ে যায়।
পুলকার অ্যাসোসিয়েশনেরই অন্য এক চালক বলেছেন, "মুচিপাড়া থেকে আসত ওই ড্রাইভার। রোজই মদ খেয়ে গাড়ি চালাত। আজ দেখলাম এমন অবস্থা যে বারে বারে পড়ে যাচ্ছে। আমরাই খবর দিই অ্যাসোসিয়েশনে। ট্রাফিক গার্ড এসে পরীক্ষা করে পুলিশে খবর দেয়। বড় দুর্ঘটনা ঘটতে পারত আজ।"