শনিবার রাতে সামশেরগঞ্জ থানার নিমতিতা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর-বরোজডিহি গ্রামে কয়েকজন যুবক মাঠের পাশে বসে গল্প করছিলেন। সেই সময়ে এক ব্যক্তি ভুট্টার জমির পাশে পরিত্যক্ত অবস্থায় একটি ড্রোন পড়ে থাকতে দেখেন।

উদ্ধার হওয়া ড্রোন
শেষ আপডেট: 11 May 2025 18:54
দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝেই শনিবার রাতে ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার হল ড্রোন। সাম্প্রতিক অশান্তির আবহে মুর্শিদাবাদে ড্রোন উদ্ধার নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এটি কোথা থেকে এল, তা খতিয়ে দেখছে পুলিশ। পরীক্ষার জন্য তুলে দেওয়া হয়েছে বিএসএফের হাতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে সামশেরগঞ্জ থানার নিমতিতা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর-বরোজডিহি গ্রামে কয়েকজন যুবক মাঠের পাশে বসে গল্প করছিলেন। সেই সময়ে এক ব্যক্তি ভুট্টার জমির পাশে পরিত্যক্ত অবস্থায় একটি ড্রোন পড়ে থাকতে দেখেন। এরপর ড্রোনটি সম্পর্কে জানতে পারেন ওই যুবকরা। গ্রামের বাকিদের সঙ্গে কথা বলে ড্রোনটি কোথা থেকে এল তা বোঝার চেষ্টা করেন তাঁরা। কিন্তু কোনও কিছু বোঝা সম্ভব হয়নি।
এরপর এক ব্যক্তি ড্রোনটি নিজের বাড়িতে নিয়ে যান। এলাকায় খবর ছড়িয়ে পড়ে। পরে সামশেরগঞ্জ থানার পুলিশ ও বিএসএফের আধিকারিকরা পৌঁছে সেটি নিজেদের হেফাজতে নেয়। পরীক্ষা-নীরিক্ষা করে দেখা হবে বলে জানা গেছে।
গ্রামের কয়েকজন বাসিন্দা আরও বলেন, ভারত-পাকি অশান্তির আবহে ড্রোন উদ্ধারের ঘটনায় নতুন করে গ্রামে উত্তেজনা ছড়িয়েছে। অনেকেই আতঙ্কে রয়েছেন। দুর্গাপুর-বরোজডিহি এই রাজ্যের শেষ গ্রাম। এরপরই গঙ্গা নদী এবং তারপর বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকা। সীমান্তের একদম গায়ে লাগোয়া এলাকায় এমন ঘটনা হওয়ায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসনও।