
শেষ আপডেট: 14 February 2023 06:26
দ্য ওয়াল ব্যুরো: বর্ষবরণের রাতে দিল্লির রাস্তায় অঞ্জলি শর্মাকে গাড়ির চাকায় আটকে নিয়ে টেনে কয়েক কিলোমিটার যাওয়ার ঘটনায় শিউরে উঠেছিল দেশ। তারপর এমনই বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। এবার মহারাষ্ট্রের পালঘরে ট্রাফিক পুলিশকেই ধাক্কা মেরে, বনেটের ওপর রেখে তীব্র গতিতে প্রায় এক কিলোমিটার রাস্তা পাড়ি দিল এক তরুণ (Maharasthra Car Drag)! গোটা রাস্তায় প্রাণের ভয়ে আর্তনাদ করতে করতে বনেট আঁকড়ে শুয়ে থাকলেন ওই ট্রাফিক পুলিশ। কিন্তু গাড়ি থামানোর কোনও লক্ষণই দেখায়নি অভিযুক্ত তরুণ।
মুম্বই থেকে ৬০ কিলোমিটার দূরে পালঘরের ভাসাইয়ে রবিবার সন্ধ্যায় ঘটে এই মর্মান্তিক ঘটনাটি। পুলিশ সূত্রে খবর, এই এলাকায় ট্রাফিক কনস্টেবল (Traffic Police) সোমনাথ চৌধুরী ডিউটি করছিলেন। সেই সময় একটি গাড়ি দ্রুত গতিতে আসছিল। চালকের সিটে ছিল এক তরুণ।
ট্রাফিক নিয়ম ভাঙায় গাড়ি দাঁড় করানোর চেষ্টা করেন সোমনাথ। কিন্তু অভিযুক্ত তরুণ গাড়ি দাঁড় না করিয়েই দ্রুত গতিতে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময়ই সোমনাথ গাড়ির সামনে চলে আসায় তাঁকে ধাক্কা মেরে বনেটের ওপরে নিয়ে টানা ১.৫ কিলোমিটার পথ যায় সে।
পরের একটি সিগন্যালে গাড়ি থামিয়ে ওই অবস্থাতেই পালিয়ে যায় অভিযুক্ত। স্থানীয়রাই পরে আহত কনস্টেবলটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।
পরে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, ১৯ বছর বয়সি ওই তরুণের কাছে ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত ছিল না।
ময়লার স্তূপ থেকে উদ্ধার ৮ বছরের মেয়ের হাত-পা বাঁধা দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ