
শেষ আপডেট: 8 November 2023 18:02
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নিচ্ছেন ডঃ সঞ্জয মল্লিক। তিনি কলাভবনের অধ্যক্ষ পদে রয়েছেন।
ফলক বিতর্কের মধ্যেই বুধবার মেয়াদ শেষ হল বিদ্যুৎ চক্রবর্তীর। উপাচার্য হিসেবে তাঁর কার্যকালে বারবার বিশ্বভারতী নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। তাঁর একাধিক সিদ্ধান্তকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্য সংঘাতের পরিস্থিতি তৈরি হয়৷ বিশ্ববিদ্যালয়ের অন্দরেও বারবার ঘনিয়েছে অশান্তির মেঘ। বুধবার তাঁর কার্যকালের মেয়াদ শেষ হলেও, আবার তাঁকে পদে রাখা হবে কিনা তাই নিয়ে জল্পনা চলে দিনভরই। শেষপর্যন্ত বিকেল গড়ানোর পর জানা যায় নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হচ্ছেন কলাভবনের অধ্যক্ষ ডঃ সঞ্জয় মল্লিক। এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো উচ্ছ্বসিত পড়ুয়া, অধ্যাপক ও কর্মীদের একাংশ৷ আনন্দিত রাজ্যের শাসক শিবিরও৷
১৭ সেপ্টেম্বর শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা দিয়েছে ইউনেসকো। তারপরেই শ্বেতপাথরের তিনটি ফলক বসিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই ফলকে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম থাকলেও ব্রাত্য স্বয়ং রবীন্দ্রনাথ। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই গত ১৩ দিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলছে তৃণমূলের ধরনা-বিক্ষোভ। এরই মাঝে উপাচার্য হিসাবে মেয়াদ শেষ হল বিদ্যুৎ চক্রবর্তীর৷
বিশ্বভারতীর নতুন ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক বিশ্বভারতীর কর্মসমিতির সদস্যও৷ তাই বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষে বিশ্বভারতী অ্যাক্ট অ্যান্ড স্ট্যাটু অনুযায়ী সিনিয়র মোস্ট অধ্যাপক হিসাবে উপাচার্যের ভার ন্যস্ত হয় তাঁর উপর। মেয়াদ শেষের দিন বাসভবন পূর্বিতা থেকে দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সাক্ষর করেন বিদ্যুৎবাবু। তাঁকে ঘিরে বিক্ষোভ হতে পারে, এই আশঙ্কায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। মোতায়েন ছিল বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরাও।
বিদ্যুৎ চক্রবর্তীর সময়কালে তাঁর একাধিক সিদ্ধান্ত নিয়ে তোলপাড় হয়েছে বিশ্বভারতী৷ কখনও তাঁর আক্রমণের নিশানা হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, কখনও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বভারতীর অধ্যাপক, আশ্রমিক, প্রাক্তনী, পড়ুয়ারাও বিভিন্ন সময়ে তাঁর বিরাগভাজন হয়েছেন। তাই তাঁর কার্যকালের মেয়াদ শেষ হতেই জল্পনা বাড়ছিল শান্তিনিকেতনে। শেষপর্যন্ত বিশ্বভারতীর দায়িত্ব নিলেন নতুন ভারপ্রাপ্ত উপাচার্য ডঃ সঞ্জয় মল্লিক।