
শেষ আপডেট: 5 April 2022 06:11
দ্য ওয়াল ব্যুরো: নার্সিং পড়ুয়াদের পাঠ্যবইতে পণপ্রথার সুফল পয়েন্ট করে করে লেখা রয়েছে। সেই বইয়ের পৃষ্ঠা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছবি ঘিরে চারদিকে যখন তোলপাড় শুরু হয়েছে তখন দায় এড়াতে চাইছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল (Dowry INC)।
আরও পড়ুন: বিয়ে হলেই তো বন্ধুবিচ্ছেদ! মানতে না পেরে একসঙ্গে আত্মঘাতী শিলিগুড়ির দুই সই
বিএসসি নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের পাঠ্য বইয়ের একটি পৃষ্ঠার ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে পয়েন্ট করে করে লেখা রয়েছে পণপ্রথার ভাল দিক গুলি কী কী। অথচ এই প্রথা আমাদের দেশে আইনত নিষিদ্ধ।
আরও পড়ুন: 'পণ দিয়ে কুৎসিত মেয়েকেও বিদায় করা যায়!' পাঠ্যবইতে জ্বলজ্বল করছে পিতৃতন্ত্র
এখানেই শেষ নয়, পণপ্রথার 'সুফল' হিসেবে সেই বইতে দেখানো হয়েছে, এই প্রথার মাধ্যমে কুৎসিত মেয়েদের বিয়ে দেওয়া যায়, বিয়ে দিয়ে বিদায় করা যায় তাঁদের। এভাবে কোনও সুন্দর কিংবা অসুন্দর পাত্রের সঙ্গে বিয়ে হয় কুৎসিত মেয়েদেরও।
সোশ্যাল মিডিয়ায় এমন বই নিয়ে তোলপাড় শুরু হয়েছে। নিন্দায় সরব হয়েছেন সকলে। বিতর্কের মাঝে বইটির দায় নিতে চাইছে না ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। তাদের মনোনীত সিলেবাসেই এই বইটি ছিল। সোমবার একটি নোটিস জারি করা হয়েছে কাউন্সিলের তরফে। সেখানে বলা হয়েছে, নার্সিং কাউন্সিল কোনও লেখক বা প্রকাশনাকে সমর্থন করে না। কোনও লেখককে নার্সিং কাউন্সিলের নাম ব্যবহার করার অনুমতিও দেওয়া হয়নি। ওই নির্দিষ্ট বইটিতে যা লেখা রয়েছে তা কোনওভাবেই কাউন্সিল সমর্থন করে না বলে জানানো হয়েছে। পণপ্রথা আইনের বিরোধী।