দ্য ওয়াল ব্যুরো: ব্যালন ডি’অর পুরস্কার জয়ের পরেও লিওনেল মেসিকে নিয়ে বিতর্ক থামছে না। ফুটবল বিশেষজ্ঞদের অনেকেরই ধারণা ছিল, মেসি গত মরসুমে এমন কোনও ফুটবল খেলেননি, যাতে করে ওই সম্মান তাঁর প্রাপ্য হয়।
ফুটবল বিশ্বের অনেকেই বলছে, পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদস্কিও অন্যতম দাবিদার ছিলেন এই পুরস্কারের। গত কয়েক মরসুম ধরেই কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা। বিশেষ করে ২০১৯-২০ ও ২০২০-২১ মরসুমে স্বপ্নের ফর্মে ছিলেন লেভানদস্কি।
সপ্তমবারের মতো পুরস্কার জিতে মেসি অবশ্য জানিয়েছেন, এই পুরস্কার পেতে পারত লেভানদস্কিও। ব্যালনের পুরস্কার মঞ্চে মেসি বলেছিলেন, ‘‘আমি মনে করি ফ্রান্স ফুটবলের উচিত তোমাকে ২০২০ সালের ব্যালন ডি অর দিয়ে দেওয়া। তোমার এটা প্রাপ্য এবং এটা তোমার ঘরেই থাকা উচিত।’’
সেইসময় শুধু মেসির কথা শুনে মুচকি হেসেছিলেন লেভানদস্কি। এতদিন বাদে বায়ার্ন তারকা জানিয়েছেন, ‘‘আমার ওই মন ভোলানো কথা শুনতে আর ভাল লাগছে না। মেসি বলেছে, এটাই অনেক আমার কাছে, তবে আর ওই প্রসঙ্গ ভাল লাগছে না। সবাই দেখেছে আমি কী করেছি মাঠে নেমে।’’
পোলিশ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে পোল্যান্ডের অধিনায়ক বলেছেন, ‘‘আমি আশা করি, মেসির বক্তব্যটা সৎ ও মন থেকে বলা ছিল। কোনও ফাঁকা আওয়াজ ছিল না।’’
তিনি আরও বলেন, ‘‘ওই পুরস্কার না পাওয়ায় আমার কষ্ট লেগেছে। এখানে লুকোনোর কিছু নেই। আমি বলতে পারি না যে আমি সন্তুষ্ট। কারণ এটা ঠিক হয়নি, আমার মন ভাল নেই। কারণ আমি দ্বিতীয় হয়েছি।’’