দ্য ওয়াল ব্যুরো : গত ২৫ মে আমেরিকার মিনিয়াপোলিস শহরে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গের ঘাড়ে হাঁটু দিয়ে চাপ দেন জনৈক পুলিশকর্মী। ফ্লয়েড দম আটকে মারা যান। ওইভাবে ঘাড়ে হাঁটু দিয়ে চাপ দেওয়াকে বলে ‘চোকহোল্ড মেথড’। ফ্লয়েডের মৃত্যুর পরে আন্দোলন ছড়িয়ে পড়েছে আমেরিকা জুড়ে। ‘চোকহোল্ড মেথড’ নিষিদ্ধ করার দাবি উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, সাধারণভাবে চোকহোল্ড মেথড প্রয়োগ না করাই ভাল। কিন্তু বিপজ্জনক পরিস্থিতিতে তার প্রয়োজন হতে পারে।
শুক্রবার ট্রাম্পের সাক্ষাৎকার সম্প্রচার করে ফক্স নিউজ। তাতে ট্রাম্প বলেছেন, “পুলিশ কাউকে ধরতে গেলে সে যদি মারপিট করে, তার ক্ষেত্রে সাবধান হতে হবে...”। পরে তিনি বলেন, “চোকহোল্ড অনেক সময় সুন্দর, নিখুঁতভাবে কাজ করে।” একইসঙ্গে ট্রাম্প জানান, চোকহোল্ড মেথড নিষিদ্ধ করার জন্য তিনি জোরালোভাবে সুপারিশ করবেন।
আমেরিকায় চোকহোল্ড মেথড নিয়ে আগেও বিতর্ক উঠেছে। ২০১৪ সালে নিউ ইয়র্কে এরিক গারনার নামে এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গ বন্দির ওপরে পুলিশ ওই মেথড প্রয়োগ করে। তাতে তিনি মারা যান।
ট্রাম্পকে প্রশ্ন করা হয়, পুলিশের নিষ্ঠুরতা নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কি আপনার সত্য মনে হয়? তিনি বলেন, “আমি চাই পুলিশ হোক সংবেদনশীল। সেই সঙ্গে কঠোর হাতে আইনের শাসন বজায় রাখুক।” এরপর তিনি বলেন, “কঠোরতা অনেকসময় সংবেদনশীলতা প্রকাশের সবচেয়ে ভাল উপায়।”