.webp)
গুলিবিদ্ধ যুবক। নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 6 September 2024 23:05
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাতে শুট আউটের ঘটনা ঘটল মুর্শিদাবাদের ডোমকলের মুরারিপুরে। গুলিবিদ্ধ তরুণকে ইতিমধ্যে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, একটি বাইকে করে তিনজন এসে গুলি চালায়। কী কারণে এই গুলিকাণ্ড তা স্পষ্ট নয় পুলিশের কাছেও। ঘটনাকে ঘিরে জোর আতঙ্ক ছড়িয়েছে এলাকার সাধারণ মানুষের মধ্যে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে ডোমকলের মুরারিপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গুলিবিদ্ধ যুবকের নাম রাকেশ হালদার ওরফে কালু।
জানা গেছে, এদিন রাতে মুরারিপুরের দামুসের ধারে রাকেশ কয়েকজনের সঙ্গে বসেছিল। হঠাৎ করে বাইকে করে আসে স্থানীয় একদল দুষ্কৃতী। তারপরেই তিন রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। একটি গুলি রাকেশের হাতে লাগে। সঙ্গে সঙ্গে বাইকে করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমকল থানার পুলিশ। অন্যদিকে জখম যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে যান বাসিন্দারা। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে স্থানান্তর করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। কী কারণে এই গুলি কাণ্ড তা অবশ্য কারও কাছে স্পষ্ট নয়। ইতিমধ্যে অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযানে নেমেছে পুলিশ।