
শেষ আপডেট: 6 December 2023 20:28
দ্য ওয়াল ব্যুরো: রাস্তায় বেরোলেই পিছু নিচ্ছে পাগলা কুকুর। যখন তখন কামড়ে দিচ্ছে পথচারীদের। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের দুই জেলায় আতঙ্ক ছড়িয়েছে। শিশু, নারী, বৃদ্ধ প্রায় সকলেই আক্রান্ত হয়েছেন। এখন কুকুর দেখলেই ভয় পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
উত্তর ২৪ পরগনার আমতলা, হেলেঞ্চা একাধিক জায়গায় কুকুর আতঙ্কে ঘুম ছুটেছে বাসিন্দাদের। বাসিন্দারা বলছেন, বাইরে বেরোলে কুকুর কামড়ে দিচ্ছে। বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন। এক বাসিন্দা জানিয়েছেন, মঙ্গলবার আশারু বাজারে হামলা চালিয়েছিল একটি পাগলা কুকুর। একের পর এক পথচারীকে কামড়েছে। আক্রান্তদের বাগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল । সেখানে তাঁদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর বুধবার দুপুর পর্যন্ত প্রায় ৫০ জনকে তাঁরা ভ্যাকসিন দিয়েছেন।
আসানসোলের পুরনিগমের ৪১ নম্বর ওয়ার্ডেও একই ভাবে কুকুর আতঙ্ক ছড়িয়েছে। সেখানের রেঙ্গানিয়া পাড়াতে গত দশদিন ধরে পাগল কুকুরের দৌরাত্ম্যে ঘুম ছুটেছে এলাকাবাসীদের। ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। এলাকার বাসিন্দাদের বক্তব্য দশদিন ধরে একটা কুকুর এলাকার প্রায় পনেরো জনকে কামড়েছে। কুকুর ধরার জন্য বিভিন্ন দফতরের কাছে আবেদন করলেও কেউ কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
পাগলা কুকুরের দৌরাত্ম্যে এলাকাবাসী আতঙ্কে রয়েছেন। তাঁরা বাড়ি থেকে বার হতে ভয় পাচ্ছেন। স্কুলের পড়ুয়ারা স্কুলে যেতে পারছে না। আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়রকে জানানো হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এটা তাদের দফতরের কাজ নয়। বন দফতরের কাছে গেলে তাঁরাও অস্বীকার করে পাগল কুকুর ধরতে। কে পাগল কুকুর ধরবে তাই নিয়ে দিশেহারা এলাকাবাসীরা।