
শেষ আপডেট: 14 March 2020 18:30
কোভিড-১৯ এ আক্রান্ত শিশুদের সংখ্যা খুবই কম। কয়েকদিন আগে পর্যন্ত যা হিসাব তাতে চিনে কোভিড-১৯ এ আক্রান্ত মোট ৪৪ হাজার জনের মধ্যে শিশুদের সংখ্যা (যাদের বয়স ৯ বছর বা তারও কম) মাত্র ৪১৬। অর্থাৎ ১ শতাংশেরও কম। ৯ বছর বা তার কম বয়সীদের মধ্যে কেউ কোভিড-১৯ এ সংক্রমণের জন্য মারা গিয়েছে এমনটা শোনা যায়নি।
বিশেষজ্ঞদের মতে, এটা স্পষ্ট নয় যে কেন শিশুদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কম। তা কি এই কারণে হতে পারে যে— খুব সংখ্যায় শিশুরাই ভাইরাসের সংস্পর্শে আসছে বা করোনাভাইরাসে আক্রান্ত হলেও তাদের শরীরে লক্ষণ বা উপসর্গ এতোটাই মৃদু যে তাদের হাসপাতালে বা ডাক্তারখানায় আনতেই হচ্ছে না।
তবে চিকিৎসকরা এও বলছেন, শিশুরা যদি করোনাভাইরাসে আক্রান্ত হয়, তা সে যত মৃদু সংক্রমণ হোক না কেন তাদের মাধ্যমে ভাইরাসের সংক্রমণ ছড়ানোর প্রভূত আশঙ্কা থাকে। কারণ শিশুরা এক জায়গায় চুপ চাপ বসে থাকে না। তাদের হাঁচি কাশি দেওয়ার থেকে সতর্কতা ও বোধ স্বাভাবিক ভাবেই কম। এক জায়গায় অনেক শিশু জড়ো হয়ে খেলাধূলা করে। মোদ্দা কথায়, সাবধানের মার নেই। বরং শিশু বয়স থেকে তাদের শেখানো উচিত যে কীভাবে হাতের পরিচ্ছন্নতা বজায় রাখতে হয়। সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা হলে তা তাদের বন্ধুদের মধ্যে যাতে না ছড়ায় সে জন্য নিজে কতটা সতর্ক থাকতে হয় ইত্যাদি। ছোট বয়স থেকে এই অভ্যাস তৈরি হয়ে গেলে, সামগ্রিক ভাবে রোগভোগের ব্যাপারে সতর্কতা ও সচেতনতা তৈরি হয়ে যেতে পারে।