
শেষ আপডেট: 12 February 2023 16:03
দ্য ওয়াল ব্যুরো: ‘থ্রি ইডিয়টস’ সিনেমার সেই ঐতিহাসিক দৃশ্যের কথা মনে আছে? প্রবল বৃষ্টির রাতে প্রসব বেদনায় ছটফট করছেন নায়িকা প্রিয়া অর্থাৎ করিনা কাপুরের দিদি। এত জল জমে আছে চারদিকে না মিলছে গাড়ি, না অ্যাম্বুল্যান্স। এদিকে হাসপাতালে আটকে পড়েছেন ডাক্তার বোন, প্রিয়া। এই অবস্থায় মুশকিল আসানে নেমেছিলেন হিরো ব়্যাঞ্চো। ভিডিও কলে (Video Call) প্রিয়ার সাহায্য নিয়ে প্রসব করিয়েছিলেন তিনি নিজেই।
এবার কাশ্মীরেও (Jammu And Kashmir) ঘটল তেমনই এক সন্তান জন্মের ঘটনা। বরফে বিচ্ছিন্ন এলাকায় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসাকর্মীরা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে পরামর্শ নিলেন বড় চিকিৎসকদের। প্রসব করালেন দীর্ঘ চেষ্টায়। কাশ্মীরের কুপওয়াড়া জেলার প্রত্যন্ত গ্রাম কেরানের এই ঘটনায় মা এবং সন্তান সুস্থ রয়েছে।
জানা গেছে, এদিন গ্রামের এক অন্তঃসত্ত্বা মহিলা প্রসব যন্ত্রণায় ছফট করতে করতে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছন। কিন্তু সেখানে প্রসব করানোর মতো প্রয়োজনীয় পরিকাঠামো ছিল না। এই পরিস্থিতিতে তাঁকে শহরে নিয়ে গিয়ে বড় কোনও হাসপাতালে ভর্তি করার প্রয়োজন ছিল। কিন্তু একটানা বরফপাতে বিচ্ছিন্ন এলাকায় তা সম্ভব ছিল না। এয়ার অ্যাম্বুলেন্স বা হেলিকপ্টারের ব্যবস্থাও করা যায়নি।
ফলে স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের প্রসব করানো ছাড়া আর উপায় ছিল না। এই অবস্থায় তাঁরা শহরের চিকিৎসকদের সাহায্য চান হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এর পরে ভিডিও কল করেই পরিস্থিতি দেখে প্রয়োজনীয় পরামর্শ দেন চিকিৎসকরা। ফোনে নির্দেশ অনুসরণ করেন স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা।
কেরানের স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আরশাদ সোফি জানান, ক্রালপোড়া মহকুমা হাসপাতালের গাইনোকোলজিস্ট পারভেজ এবং তাঁর সহকারীদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হয়েছিল। তাঁরাই প্রয়োজনীয় পরামর্শ দেন প্রসব করানোর। এভাবে প্রায় ৬ ঘণ্টা ধরে প্রসব যন্ত্রণা সহ্য করার পর ওই মহিলা এক কন্যাসন্তানের জন্ম দেন। সিনেমার মতোই 'অল ইজ ওয়েল' হয়ে ওঠে বাস্তবেও।
জ্বলছেন যিশু! রিও ডি জেনেইরোতে বজ্রপাতের অপার্থিব দৃশ্য ধরা পড়ল লেন্সে, মুহূর্তে ভাইরাল