ওয়াল ব্যুরো : ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দিতে ট্রেক করে হিমালয়ের প্রত্যন্ত গ্রাম (Remote Himalayas) মালানায় পৌঁছলেন স্বাস্থ্যকর্মীরা। ধস নেমে আগেরদিন রাস্তা বন্ধ হয়েছিল সেখানকার। তিনঘণ্টা ধরে সেই বিপদসঙ্কুল রাস্তা অতিক্রম করেন স্বাস্থ্যকর্মীরা।
অনেক প্রতিকূলতা সত্ত্বেও এই গ্রামের সব প্রাপ্তবয়স্ককে মানুষকে প্রথম ডোজ দেওয়া হয়েছিল। যা ছিল দেশে প্রথম। এবার দ্বিতীয় ডোজও দেওয়া হল। গ্রামে পৌঁছনোর খাড়া পাহাড়ি রাস্তা ছিল খুবই বিপদসঙ্কুল।
১৪ সেপ্টেম্বর জেলা স্বাস্থ্য আধিকারিক অতুল গুপ্তের নেতৃত্বে পাঁচজনের একটি দল টিকার দ্বিতীয় ডোজ দিতে মালানার উদ্দেশ্যে রওনা হয়। ভূমিধসে অবরুদ্ধ রাস্তা পেরিয়ে ভ্যাকসিনের বাক্স কাঁধে ঝুলিয়ে নিয়ে যান তাঁরা।
এর আগে মালানার ১১শো প্রাপ্তবয়স্ককে টিকা দেওয়া হয়েছে। স্থানীয় কুসংস্কারের জন্য তাঁরা প্রথমে টিকা নিতে রাজি হচ্ছিলেন না। এলাকার প্রধান পুরোহিতের সাহায্যে তাঁদের রাজি করানো হয়। গ্রামবাসীদের বিশ্বাস ছিল, ভ্যাকসিন নিলে তাঁরা অসুস্থ হয়ে পড়বেন বা মারা যাবেন।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর রাজ্যের পর্যটনের হটস্পট গুলিকে টিকার আয়তায় আনার বিষয়ে জোর দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ডিসেম্বরের মধ্যেই দেশের সমস্ত মানুষকে দ্বিতীয় ডোজ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। হিমাচল প্রদেশ সেই লক্ষ্যে দ্রুতই এগিয়ে যাবে বলে আশা করছে।