
মদন মিত্র।
শেষ আপডেট: 8 November 2024 17:07
দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই ৯ নভেম্বর। আরজি করের নির্যাতিতার ৩ মাস পূর্তি। এমন আবহে বড় দাবি করলেন তৃণমূলের 'কালারফুল বয়' মদন মিত্র।
আরজি কর ইস্যুতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আন্দোলন সম্পর্কে কামারহাটির বিধায়কের দাবি, আরজি কর নিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা শেষ হয়ে গেছে।
আগামী ১৩ নভেম্বর রাজ্যের বাকি পাঁচটি বিধানসভা কেন্দ্রর সঙ্গে উপ নির্বাচন হবে নৈহাটি বিধানসভা কেন্দ্রেও। দলীয় প্রার্থী সনৎ দে-র সমর্থনে সেখানে প্রচারে গিয়ে মদন বলেন, "ওরা বাজার থেকে বেরিয়ে গেছে, গেট আউট। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের জায়গায় আবার ফিরে এসেছেন।"
মদনের অভিযোগ, মায়ের চেয়ে মাসির দরদের মতো এখন হঠাৎ রাতারাতি কিছু ভুঁইফোড় নেতা গজিয়ে গেছে। তবে তাতে লাভের কিছু হবে না।
একই সঙ্গে নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দেখা না করা নিয়েও বড় মন্তব্য করেছেন মদন। কামারহাটির বিধায়ক বলেন, "অনেকে ভেবেছিল জোর খেলা খেলে দিয়েছি। সলিড খেলা। কিন্তু তারা বুঝতে পারেনি মেয়ের মা-বাবা চার লাইনের চিঠি অমিত শাহকে লিখবে। আর অমিত শাহ পত্রাঘাতের পরিবর্তে পদাঘাত করে চলে যাবে, দেখা পর্যন্ত করবে না।''
মদনের এমন প্রতিক্রিয়া প্রকাশ্যে আসতেই জোর শোরগোল তৈরি হয়েছে। জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে জানানো হয়েছে, আন্দোলনের মাধ্যমেই মদন মিত্রর বক্তব্যের জবাব দেওয়া হবে।